Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: আর্থিক সংকট, দিনের পর দিন বেতন নেই, ফিফা ব্যান, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের (MSC Mehrajuddin)। সেই দুঃসময়েও যে লোকটা দলের হাত ছাড়েনি তিনি মেহেরাজউদ্দিন ওয়াডু। বারবার বলেছেন আমি দুঃসময়ে দল ছেড়ে যাব না। যতদিন পারব কষ্ট করে চালিয়ে যাব। যখন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে তখনই সরে দাঁড়ালেন তিনি। হঠাৎ পদত্যাগ করলেন মেহরাজউদ্দিন ওয়াডু। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি তিনি নিজেই সাদা-কালো শিবির ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ২০২৩ সালে সংক্ষিপ্ত মেয়াদের পর, ২০২৪ সালে রুশ কোচ আন্দ্রে চেরনিশভের সহকারী হিসেবে তিনি পুনরায় মহমেডানে যোগ দিয়েছিলেন। কেন এই সিদ্ধান্ত? জানতেই কেটিভি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মেহেরাজের সঙ্গে।
কেন দায়িত্ব ছাড়লেন মেহেরাজ? (MSC Mehrajuddin)
মেহেরাজ উদ্দিনকে তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতেই তিনি বললেন, “আমার কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি যে সময়ে ক্লাবের পাশে ছিলাম অনেকেই ছিল না। ফুটবলাররা অনেকেই ছেড়ে চলে গিয়েছিল। সাপোর্তিং স্টাফের অনেকেও ছেড়ে গিয়েছে। কিন্তু আমি যায়নি। এখন যখন সব ঠিক হচ্ছে তখন আমি তিনটে দাবী রেখেছিলাম যা মানা হয়নি। আমি আমার ন্যায্য বেতন, প্রোফেশনাল কন্ট্রাক্ট, আর ভালো মানের প্লেয়ার, সাপোর্ট স্টাফ চেয়েছিলাম। কিন্তু আমাকে দিনের পর দিন আশা জুগিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ম্যাচের আগের দিন এই সিদ্ধান্ত নিতে বাধ হয়েছি।”
ফিফাতে অভিযোগ (MSC Mehrajuddin)
মেহেরাজউদ্দিন দীর্ঘদিন বেতন পাননি। তিনি জানান, তাঁর ৬০ শতাংশ বেতন বকেয়া রয়েছে। সেই বেতন তাঁকে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাব। কিন্তু তা তিনি এখনও পাননি। এই বিষয়ে মেহেরাজ জানান, “আমার পরিবার আছে। বেতন না পাওয়ায় আমার পরিবারকেও সমস্যায় পড়তে হচ্ছে। ক্লাব আমায় বেতন দিয়ে দেবে বলেছে। আমি অপেক্ষা করছি। আবার কথা বলব ক্লাবের সঙ্গে। যদি কোনও সুরাহা না হয় তখন ফিফার দ্বারস্থ হওয়ার কথা ভাবব।”
কঠিন সময়ে দলের দায়িত্ব গ্রহণ (MSC Mehrajuddin)
মরসুমের মাঝপথে বেতন বকেয়া থাকার অভিযোগে চেরনিশভ ক্লাব ছেড়ে চলে গেলে, মেহরাজ প্রথমে কেয়ারটেকার কোচ হিসেবে দলের হাল ধরেন। ক্লাবের তীব্র আর্থিক সংকট এবং ফিফার পক্ষ থেকে নতুন ফুটবলার সই করানোর ওপর নিষেধাজ্ঞার খাড়া ঝুলছিল। এই সীমিত সামর্থ্য ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তিনি ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করেন, যার জেরে আইএসএলের সর্বশেষ মরসুমে দলটি তলানিতে থেকে অবনমিত হয়।
আরও পড়ুন: Mohammedan SC CFL: মেহেরাজের পদত্যাগের পরই হার মহমেডানের, ঘুচল অপরাজিত তকমা
বর্তমান পরিস্থিতি (MSC Mehrajuddin)
চলতি কলকাতা ফুটবল লিগে মেহরাজের (MSC Mehrajuddin) কোচিংয়ে দলটি একটি ম্যাচেও পরাজিত হয়নি এবং নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করে রয়েছে। এমন একটি ইতিবাচক সময়ে তাঁর হঠাৎ ক্লাব ছেড়ে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। আগামী ৩১ আগস্ট মহামেডান ক্লাবের ওপর আরোপিত ফিফার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে চলেছে। ফলে ১ সেপ্টেম্বর বা তার পরবর্তী যেকোনও দিন ক্লাবের নতুন প্রধান কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।



