Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্দানার সঙ্গে সম্পর্ক ভাঙনের রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্কে জড়ালেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছল (Palash Muchhal)। মহারাষ্ট্রের সাংলিতে তাঁর বিরুদ্ধে প্রায় ৪০ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ ওঠায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন মহলে ও সামাজিক মাধ্যমে।

বিনিয়োগের প্রলোভন ও লাভের আশ্বাস (Palash Muchhal)
অভিযোগকারী সাংলির বাসিন্দা বিদ্যান মানে-র দাবি অনুযায়ী, ২০২৫ সালের ৫ ডিসেম্বর প্রথমবার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর আলাপ হয় স্মৃতি মন্দানার বাবার মাধ্যমে। সেই বৈঠকেই পলাশ তাঁর আসন্ন ছবি ‘নজরিয়া’-তে বিনিয়োগের প্রস্তাব দেন বলে অভিযোগ। বিদ্যান মানের বক্তব্য অনুযায়ী, পলাশ তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে, ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলে, ২৫ লক্ষ টাকা বিনিয়োগের বিপরীতে ১২ লক্ষ টাকা লাভ নিশ্চিত, পাশাপাশি ছবিতে একটি চরিত্রে অভিনয়ের সুযোগও দেওয়া হবে এই প্রতিশ্রুতির ভিত্তিতেই বিনিয়োগের সিদ্ধান্ত নেন অভিযোগকারী।
ধাপে ধাপে বিনিয়োগ, কিন্তু থেমে যাওয়া ছবির কাজ (Palash Muchhal)
অভিযোগপত্র অনুযায়ী, পরবর্তী সময়ে পলাশ ও বিদ্যান মানের মধ্যে আরও দু’বার সাক্ষাৎ হয়। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই অভিযোগকারী মোট ৪০ লক্ষ টাকা ‘নজরিয়া’ ছবিতে বিনিয়োগ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও, ছবির কাজ সম্পূর্ণ হয়নি, বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া যায়নি, বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সন্তোষজনক উত্তর মেলেনি শেষ পর্যন্ত টাকা ফেরত চাইলে পলাশ নাকি অভিযোগকারীর ফোন নম্বর ব্লক করে দেন এমনটাই দাবি বিদ্যান মানের।

পুলিশের দ্বারস্থ অভিযোগকারী (Palash Muchhal)
এই পরিস্থিতিতে বাধ্য হয়েই সাংলির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যান মানে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি এখন তদন্তাধীন এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি চলছে। এই মামলাকে ঘিরে বিনোদন জগতে যেমন প্রশ্ন উঠছে, তেমনই আইনি দিক থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ’ (Palash Muchhal)
অভিযোগ সামনে আসতেই নীরব না থেকে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন পলাশ মুচ্ছল। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “সাংলির বাসিন্দা বিদ্যান মানে যে অভিযোগগুলি সোশ্যাল মিডিয়ায় তুলেছেন, সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই।” পলাশের দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁর সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হয়েছে।
আইনজীবীর হাতে বিষয় (Palash Muchhal)
পলাশ আরও স্পষ্ট করেন যে, তিনি এই অভিযোগ কোনওভাবেই বিনা প্রতিবাদে মেনে নেবেন না। তাঁর কথায়, “আমার আইনজীবী শ্রেয়াংশ মিঠারে বিষয়টি নিয়ে সব আইনি দিক খতিয়ে দেখছেন। এই বিষয়টি সম্পূর্ণভাবে আইনি পথেই মোকাবিলা করা হবে।” অর্থাৎ, দুই পক্ষই এখন আদালতের দিকেই তাকিয়ে।

আরও পড়ুন: Mamata Banerjee: মনীষীদের অসম্মান করার চেষ্টা, নেতাজির জন্মদিনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
নতুন কাজের পরিকল্পনা, কিন্তু আইনি ছায়া
এদিকে শোনা যাচ্ছে, শ্রেয়সের সঙ্গে পলাশ মুচ্ছলের একটি নতুন প্রোজেক্ট তৈরির প্রস্তুতি চলছে, যা একটি বিশেষ সামাজিক প্রেক্ষাপটে নির্মিত হবে। এই কাজ নিয়ে শ্রেয়স নিজেও যথেষ্ট উচ্ছ্বসিত। পলাশের কথায়, “জীবনের কঠিন সময়গুলোতে কাজই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।” তবে বাস্তবতা হলো, স্মৃতি মন্দানার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর যখন নতুন করে নিজের পেশাদার জীবনে মন দেওয়ার চেষ্টা করছিলেন পলাশ, ঠিক সেই সময়েই এই আইনি জটিলতা তাঁর ব্যক্তিগত ও কর্মজীবনে বড় ধাক্কা হয়ে এসেছে।



