Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কসবার হোটেলে যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য আরও (Kasba Incident) ঘনীভূত হচ্ছে। ঘটনার দু’দিনের মাথায় অবশেষে আটক করা হয়েছে মৃত আদর্শ লোসাল্কারের সঙ্গে থাকা দুই সঙ্গীকে। গ্রেফতার হওয়া ওই দু’জনের নাম ধ্রুব মিত্র এবং কমল সাহা। রবিবার দুপুরে তাঁদের হেফাজতে নিয়ে কসবা থানায় নিয়ে যায় পুলিশ। দফায় দফায় জেরা চলছে তাঁদের। তদন্তকারীদের বিশ্বাস, এই দু’জনের বয়ান মিললে হয়তো শুক্রবার রাতের সেই অন্ধকারাচ্ছন্ন ঘটনার জট খুলতে পারে।
আদর্শের নিথর দেহ (Kasba Incident)
শনিবার হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শের নিথর (Kasba Incident) দেহ। বীরভূমের বাসিন্দা আদর্শ কর্মসূত্রে কলকাতায় থাকতেন। শুক্রবার সন্ধ্যার পরে তিনি ওই হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে ছিলেন দুই সঙ্গী-যাঁদের মধ্যে একজন তরুণী। জানা গেছে, পাশাপাশি দুটি ঘর বুক করেছিলেন তাঁরা। পরিবারের দাবি, আদর্শ একাই ছিলেন একটি ঘরে, আর বাকি দু’জন অন্য ঘরে ছিলেন। কিন্তু রাতেই আদর্শের সঙ্গীরা চুপিসারে হোটেল ছেড়ে বেরিয়ে যান। পরের দিন দুপুরে দরজা না খুললে সন্দেহ হওয়ায় কর্মীরা গিয়ে দেখেন মেঝেতে পড়ে আছে আদর্শের দেহ।

শ্বাসরোধেরও প্রমাণ মিলেছে (Kasba Incident)
এই মৃত্যু যে স্বাভাবিক নয়, তা দেহের অবস্থাতেই (Kasba Incident) পরিষ্কার হয়ে যায়। তাঁর পা বাঁধা ছিল, নাকের কাছে দেখা গিয়েছিল রক্ত। প্রাথমিকভাবে শ্বাসরোধেরও প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
গুরুত্বপূর্ণ তথ্য
তদন্তে উঠে এসেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। আদর্শের পরিবার জানিয়েছে, সিসিটিভিতে দেখা যায় শুক্রবার রাতেই তিনি নিজের ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে ঢুকছেন-যেখানে তাঁর সঙ্গীরা ছিলেন বলে ধারণা। কিন্তু তাঁদের সঙ্গে আদর্শের সম্পর্ক কত দিনের, কীভাবে পরিচয়, তা পরিবারের পক্ষেও জানা নেই। পুলিশও এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছে না।
যোগাযোগের সূত্র কীভাবে তৈরি?
প্রাথমিক তদন্তে একাধিক প্রশ্ন উঠে আসছে-এই তিন জনের মধ্যে অন্তত দু’জনের পরিচয় নাকি সমাজমাধ্যমে হয়েছিল। তাহলে কি পরিকল্পিত ভাবে আদর্শকে হোটেলে ডেকে আনা হয়েছিল? কোনও লুটপাট বা অন্য উদ্দেশ্য? আদর্শ যে পেশায় ছিলেন-ডেলিভারি কর্মী-তা থেকেও খতিয়ে দেখা হচ্ছে যোগাযোগের সূত্র কীভাবে তৈরি হয়েছিল।

আরও পড়ুন: Pen Hospital: স্মৃতির শহরে, কলমও পায় জীবন-পেন হাসপাতাল
গ্রেফতার হওয়া ধ্রুব ও কমলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে, কোন পরিস্থিতিতে তাঁরা হোটেল ছেড়ে পালিয়ে যান, আদর্শের সঙ্গে তাঁদের কী সম্পর্ক ছিল, এবং ঘটনার রাতে তিন জনের মধ্যে কী ঘটেছিল। নিখোঁজ তরুণী কলকাতার বাসিন্দা, আর অপর যুবকের বাড়ি নদিয়ায়-এই সূত্র ধরে ইতিমধ্যেই বহু তথ্য জোগাড় করছে পুলিশ।


