Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রকৃতিই মানুষের আশ্রয়, আর সেই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বও মানুষেরই (Rabindra Sarobar)। শহরের দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবারও রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি দিল না রাজ্য সরকার। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে দক্ষিণ কলকাতার অন্যতম সবুজ প্রাঙ্গণ রবীন্দ্র সরোবরে বহাল রইল নিষেধাজ্ঞা। সরোবরের পরিবেশ ও জলাশয়ের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এবারও কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

বাঁশের ব্যারিকেডে ঘেরা গোটা এলাকা (Rabindra Sarobar)
ছটপুজোকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই কার্যত দুর্গে পরিণত হয়েছে রবীন্দ্র সরোবর। সরোবরের মোট ১২টি প্রবেশদ্বারই সিল করে দেওয়া হয়েছে। শনিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধু গেটে তালা ঝুলিয়েই দায়িত্ব শেষ করেনি প্রশাসন। প্রতিটি গেটের বাইরে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড, যাতে কোনওভাবেই কেউ ভিতরে প্রবেশ করতে না পারেন। গোটা সরোবর চত্বরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এক আইপিএস আধিকারিক। তাঁর নেতৃত্বে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নজরদারি চালানো হচ্ছে যাতে কোনওভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে সরোবরের ভিতরে প্রবেশ করা না যায়।
বিকল্প ঘাটের ব্যবস্থা, প্রস্তুত ১৬৩টি জলাশয় (Rabindra Sarobar)
একদিকে রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা, অন্যদিকে ছটপুজোর পুণ্যার্থীদের ধর্মীয় আচার পালনে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভার অধীনে মোট ১৬৩টি বিকল্প ঘাট প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। প্রশাসনের লক্ষ্য, একদিকে পুণ্যার্থীদের সুবিধা নিশ্চিত করা, অন্যদিকে পরিবেশের ক্ষতি আটকানো। রবীন্দ্র সরোবরের বাইরে নোটিস টাঙিয়ে নিষেধাজ্ঞার বিষয়টিও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
সরোবরে ছটপুজো ফেরানোর ভাবনা ঘিরে বিতর্ক (Rabindra Sarobar)
উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় গঙ্গার ঘাট পরিদর্শনে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো ফেরানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। তাঁর এই মন্তব্য সামনে আসতেই পরিবেশপ্রেমী মহলে শুরু হয় জোর বিতর্ক। বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত, মোহিত রায় এবং সোমেন্দ্রমোহন ঘোষ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের কথা উল্লেখ করে কেএমডিএ-র কাছে সরোবরে ছটপুজো বন্ধ রাখার আবেদন জানান। এরপরই নিজের অবস্থান স্পষ্ট করেন পুরমন্ত্রী। তিনি জানান, পরিবেশ আদালতের নির্দেশের বিরুদ্ধে যাওয়ার কোনও সুযোগ নেই। বিকল্প হিসেবে ৫০টি জলাশয় প্রস্তুত রাখার কথাও জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
২০১৭ সাল থেকেই নিষেধাজ্ঞা
প্রসঙ্গত, ২০১৭ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের পর থেকেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ রয়েছে। জলাশয়ের দূষণ, শব্দদূষণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকী, ২০২০ সালে ছটপুজোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু সেখানেও অনুমতি মেলেনি। তারপর থেকে প্রতিবছর ছটপুজোর সময় রবীন্দ্র সরোবরের গেটে তালা ঝুলেছে। এবারও তার ব্যতিক্রম হল না। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা শনিবার সরোবর পরিদর্শন করে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।



