Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের প্রেক্ষাপটে একসময় জটিলতা তৈরি করেছিল মনোনয়নপত্রের ভুলত্রুটি (Rahul Sinha)। অভিযোগ, সংশোধন, রাজনৈতিক তরজা সবকিছুর মধ্যেই শেষপর্যন্ত রাজ্যসভায় যাওয়ার পথ পরিষ্কার হয়ে গেল বিজেপির প্রার্থী রাহুল সিনহা-র। সোমবার বিধানসভায় সংশ্লিষ্ট আধিকারিকের হাত থেকে জয়ের সার্টিফিকেট গ্রহণ করলেন তিনি। এই নির্বাচনে বাংলা থেকে পাঁচটি আসন খালি হয়েছিল। তার মধ্যে চারটি দখল করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং একটি আসন পেয়েছেভারতীয় জনতা পার্টি। যদিও পুরো প্রক্রিয়াজুড়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি।

মনোনয়ন ফর্ম নিয়ে বিতর্কের সূত্রপাত (Rahul Sinha)
গত ৫ মার্চ বিধানসভায় গিয়ে সমস্ত প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দেন। তৃণমূলের চার প্রার্থী নির্ভুলভাবে মনোনয়ন জমা দিলেও বিজেপির প্রার্থী রাহুল সিনহা-র ফর্মে একাধিক ভুলত্রুটি ধরা পড়ে। অভিযোগ ওঠে, তিনি পূর্বসূরির মনোনয়ন ফর্মের আদল অনুসরণ করে ফর্ম পূরণ করেছিলেন, যার ফলে নানা তথ্যগত অসঙ্গতি তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আপত্তি জানায় শাসকদল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানায় ভারতের নির্বাচন কমিশন-এর কাছে। কমিশনের নির্দেশে শেষ মুহূর্তে সংশোধিত নথি জমা দিতে দৌড়ঝাঁপ করতে হয়েছিল রাহুল সিনহাকে। ফলে একসময় প্রশ্ন উঠেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত থাকলেও নথিগত সমস্যার কারণে কি তাঁর মনোনয়ন বাতিল হতে পারে?
শেষমেশ স্বস্তি বিজেপি শিবিরে (Rahul Sinha)
সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত গ্রহণ করা হয় সংশোধিত নথি। ফলে বাংলার একমাত্র বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায় রাহুল সিনহা-র। সোমবার বিধানসভায় তাঁর হাতে জয়ের শংসাপত্র তুলে দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। হাসিমুখে সার্টিফিকেট গ্রহণ করেন তিনি এবং সাংবাদিকদের সামনে নিজের সন্তোষ প্রকাশ করেন।

তৃণমূলের চার প্রার্থীরও জয় নিশ্চিত (Rahul Sinha)
এবারের নির্বাচনে তৃণমূল অত্যন্ত কৌশলগতভাবে চারজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। রাজ্যসভায় পাঠানো হচ্ছে, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার, মেনাকা গুরুস্বামী এই চারজনের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি এবং অভিজ্ঞ পুলিশ আধিকারিক রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমকামী অধিকারের আন্দোলনের অন্যতম মুখ মেনকা গুরুস্বামী, টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং রাজ্যের মন্ত্রী ও প্রাক্তন লোকসভা সাংসদ বাবুল সুপ্রিয়। তবে মেনকা গুরুস্বামী দিল্লিতে থাকায় তাঁর হয়ে সার্টিফিকেট গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌজন্যের ছবি (Rahul Sinha)
রাজনীতির ময়দানে তীব্র বিরোধিতা থাকলেও এদিন বিধানসভার করিডরে দেখা গেল এক ভিন্ন ছবি। জয়ের সার্টিফিকেট হাতে বেরিয়ে আসার সময় তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এগিয়ে এসে অভিনন্দন জানান বিজেপি নেতারাহুল সিনহা-কে। দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের নেতার এই সৌজন্যমূলক মুহূর্ত বিধানসভা করিডরে উপস্থিতদের নজর কেড়েছে।

আরও পড়ুন: Gyanesh Kumar: কালীঘাটে পুজো দিতে গিয়েই বিক্ষোভ! গো ব্যাক স্লোগানের মুখে জ্ঞানেশ কুমার
১৬ মার্চ হওয়ার কথা ছিল ভোট
রাজ্যসভার এই পাঁচটি আসনের জন্য ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ১৬ মার্চ। কিন্তু বিধানসভায় আসনসংখ্যার সমীকরণ অনুযায়ী সব প্রার্থী কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হয়ে যান। ফলে নির্বাচনী লড়াইয়ের বদলে এই নির্বাচন ঘিরে মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মনোনয়নপত্রের বিতর্ক এবং শেষপর্যন্ত তার নিষ্পত্তি।



