Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শিয়ালদহ স্টেশনে ৭ ঘণ্টার (Sealdah Power Block) ট্রাফিক ব্লক। পয়েন্ট কনভার্সনের কাজের জেরে রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন। সাময়িকভাবে বদলাবে বেশ কিছু ট্রেনের পরিষেবাও।
কবে পর্যন্ত চলবে ব্লক? (Sealdah Power Block)
শিয়ালদহ স্টেশনে অত্যাবশ্যকীয় ট্র্যাক ও পরিকাঠামোগত (Sealdah Power Block) কাজের জন্য ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। রেল সূত্রে খবর, শনিবার ৫ সেপ্টেম্বর রাত থেকে রবিবার ৬ সেপ্টেম্বর ভোর পর্যন্ত এই ব্লক চলবে।
রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোট ৪২০ মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই সময় শিয়ালদহ স্টেশনের ডাউন মেইন লাইনে পয়েন্ট নম্বর ২০৮এ এবং ২০৯বি-র সম্পূর্ণ কনভার্সনের কাজ করা হবে।
পাশাপাশি পুরনো ৫২ কেজি ডিএসএস-এর (Sealdah Power Block) পরিবর্তে ৬০ কেজি ডিএসএস বসানো হবে। বিভিন্ন ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্টও বদলানো হবে। এর পাশাপাশি সিগন্যালিং ও ট্র্যাক সার্কিটের একাধিক গুরুত্বপূর্ণ কাজও চলবে।
বাতিল ট্রেন
এই কাজের জেরে রবিবার, ৬ সেপ্টেম্বর ন্যূনতম সংখ্যক শহরতলির ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে-
- শিয়ালদহ-হাবরা রুটের ৩৩৬৫১, ৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫২, ৩৩৬৫৪ ডাউন।
- শিয়ালদহ-কল্যাণী সীমান্ত রুটের ৩১৩১১, ৩১৩১৩ আপ এবং ৩১৩১২, ৩১৩১৪ ডাউন।
- শিয়ালদহ-ডানকুনি রুটের ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ আপ এবং ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ ডাউন।
- শিয়ালদহ-রানাঘাট রুটের ৩১৬১৫ আপ এবং ৩১৬২০ ডাউন।
- এছাড়াও শিয়ালদহ-হাবরা রুটের ৩১২১৩ আপ ও ৩১২১৪ ডাউন,
- • শিয়ালদহ-বারাসাত রুটের ৩৩৪৩১ আপ ও ৩৩৪৩২ ডাউন এবং শিয়ালদহ-দত্তপুকুর রুটের ৩৩৬১৩ আপ ও ৩৩৬১৮ ডাউন ট্রেন বাতিল থাকবে।
শুধু তাই নয়, শনিবার ৫ সেপ্টেম্বর লালগোলা থেকে শিয়ালদহগামী ৫৩১৭২ ডাউন ট্রেনটি দমদম জংশনে শর্ট-টার্মিনেট করা হবে। পরে খালি রেক শিয়ালদহে নিয়ে আসা হবে।
সপ্তাহান্তে কাজের সিদ্ধান্ত কেন?
রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতেই সপ্তাহান্তের গভীর রাত ও ভোরের সময় কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। কাজ দ্রুত শেষ করে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করার জন্য সংশ্লিষ্ট অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং এবং কমার্শিয়াল বিভাগের দলগুলিকে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Indi Go: মাঝ-আকাশে অসুস্থ পাইলট, মাস্কাটে ঘুরিয়ে দেওয়া হল ইন্ডিগোর দোহা-বেঙ্গালুরু ফ্লাইট
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের পরিবর্তিত পরিষেবা সম্পর্কে নিয়মিত ঘোষণা এবং তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
কেন এই কাজের প্রয়োজন?
রেলের দাবি, পয়েন্ট কনভার্সনের এই কাজের ফলে ট্র্যাক ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ট্রেন চলাচলের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়বে।
তাই ৬ সেপ্টেম্বর যাঁদের শিয়ালদহ বা সংশ্লিষ্ট রুটে যাত্রা রয়েছে, তাঁদের যাত্রার আগে ট্রেনের সর্বশেষ পরিষেবা সম্পর্কে খোঁজ নিয়ে তারপর বেরোনোর পরামর্শ দিয়েছে রেল।


