Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শাহিন আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশের কাছে হারের পরেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন শ্বশুর শাহিদ আফ্রিদির (Shahid Afridi)।
শ্বশুরের নিশানায় জামাই (Shahid Afridi)
পাকিস্তান ক্রিকেটের এমন হাল যে তাঁদের একের পর এক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে পাকিস্তানের প্রাক্তন কেউই ছেড়ে কথা বলছেন না পাক ক্রিকেট দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে। সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাহিন আফ্রিদি। আর তাঁর অধিনায়কত্ব নিয়ে এবার প্রশ্ন শ্বশুর শাহিদ আফ্রিদির (Shahid Afridi)।
জামাই শাহিন আফ্রিদিকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কেন অধিনায়ক করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুললেন শাহিদ আফ্রিদি। তিনি সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের নিশানা করেছেন। তাঁর মতে নির্বাচকদের ধারণা নেই যে কোন ফরম্যাটে কাকে অধিনায়কের ভার দেওয়া উচিত। দল নির্বাচনেও ভুল আছে বলেই জানিয়েছেন তিনি।

এক্স মাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় নিজের মতামত জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশ সিরিজ দেখুন। আমার মনে হয়, সব দোষ নির্বাচকদের। ওঁরা এত ক্রিকেট খেলেছেন। কিন্তু জানেনই না, কাকে কোন ফরম্যাটে অধিনায়ক করা উচিত। শাহিনকে কেন অধিনায়ক করা হল? এক দিনের ক্রিকেটের কী অভিজ্ঞতা ওর আছে? টি-টোয়েন্টি হলে বুঝতাম। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে এই সিদ্ধান্ত ঠিক হয়নি (Shahid Afridi)।’

তবে এরপর পাকিস্তান সমর্থকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সমর্থকদের একাংশের দাবি জামাইয়ের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছেন আফ্রিদি। শাহিনের অধিনায়কত্বে অজস্র ভুল হয়েছে আর তারই খেসারত দিতে হয়েছে দলকে। এর কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে শাহিনকে। আর সেই কারণেই নির্বাচকদের উপর সব দোষ চাপিয়ে দিতে চাইছেন তিনি বলে অনেক সমর্থকদের দাবি।
আরও পড়ুন: BJP: বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, ৮ বিধায়ক বাদ, ১৪ জনের ভাগ্য ঝুলে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকদের দল নির্বাচনেও গলদ রয়েছে বলে জানিয়েছেন আফ্রিদির। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘দলের খোলনলচে বদলাতে গিয়ে অনেক ভুল হয়েছে। টি-টোয়েন্টিতে ভাল খেলতে না পারলেও এক দিনের দলে খেলার যোগ্য বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে নেওয়া হয়নি। অথচ তাঁরা এই দলে খেলার যোগ্য। তার বদলে এমন কিছু তরুণকে নেওয়া হয়েছে যাদের ঘরোয়া ক্রিকেট খেলার তেমন অভিজ্ঞতাও নেই। তারা সরাসরি পাকিস্তান দলে চলে আসছে। পাকিস্তানের জার্সি পরে খেলছে। তাতে দলেরই ক্ষতি হচ্ছে। দলে নয়, নির্বাচক কমিটিতে বদল দরকার (Shahid Afridi)।’


