Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে ‘স্মার্ট বর্ডার প্রজেক্ট’-এর উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Smart Border)। শুক্রবার বিএসএফ ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই প্রকল্প কার্যকর হলে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত করা সম্ভব হবে।
প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে হবে (Smart Border)
শাহ বলেন, সীমান্ত নিরাপত্তাকে শুধু ভূখণ্ড রক্ষার দায়িত্ব হিসেবে নয়, জাতীয় নিরাপত্তার বৃহত্তর অংশ হিসেবে দেখতে হবে। তাঁর কথায়, “অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে দেশের জনসংখ্যার ভারসাম্য বদলের চেষ্টা হচ্ছে। তাই প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।”
আরও সতর্ক থাকার আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও জাল নোট পাচার দেশের অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মহিলা পর্বতারোহী দলকে অভিনন্দন
অনুষ্ঠানে বিএসএফ-এর সর্ব মহিলা পর্বতারোহী দলকে অভিনন্দন জানান শাহ। সম্প্রতি দলটি মাউন্ট এভারেস্ট জয় করেছে। এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, “নারীশক্তি বিএসএফ-এর অদম্য ক্ষমতার প্রমাণ দিয়েছে।” তাঁর মতে, বিএসএফ-এর ডায়মন্ড জুবিলি উপলক্ষে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে এবং আকাশে ‘বন্দে মাতরম’ ধ্বনি তুলে দলটি দেশপ্রেম ও সাহসের অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
শাহের বিকানের সফরের সম্ভাবনা (Smart Border)
এদিকে, শাহের এই মন্তব্যের মধ্যেই তাঁর রাজস্থানের সীমান্ত জেলা বিকানের সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ২৫ ও ২৬ মে দুই দিনের সফরে তিনি সীমান্তবর্তী বিএসএফ পোস্ট পরিদর্শন করতে পারেন।
পাচারের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতেই এই সফর (Smart Border)
পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে রাজস্থানের বিকানের ও শ্রীগঙ্গানগর এলাকায় মাদক ও অস্ত্র পাচারের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতেই এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরে রাজস্থানের পাঁচ সীমান্ত জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও করতে পারেন শাহ।



