Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির যন্তরমন্তরে টানা ১৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন (Sonam Wangchuk) সমাজকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও আন্দোলন থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি তিনি। বরং সমর্থকদের উদ্দেশে পাঠানো বার্তায় জানিয়েছেন, তিনি এখনও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
পর্যবেক্ষণে রাখা জরুরি (Sonam Wangchuk)
সোনমের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সর্বশেষ চিকিৎসা (Sonam Wangchuk) প্রতিবেদনে জানানো হয়েছে, তাঁর ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং গত কয়েক সপ্তাহে প্রায় ৯ কেজি ওজন হ্রাস পেয়েছে। চিকিৎসকদের মতে, তিনি এখনও সচেতন এবং মানসিকভাবে স্থিতিশীল থাকলেও সার্বক্ষণিক চিকিৎসা পর্যবেক্ষণে রাখা জরুরি। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা ও অক্সিজেনের পরিমাণ নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।
স্ত্রীর বার্তা
ভিডিও বার্তায় সোনম বলেন, তাঁর শারীরিক দুর্বলতা থাকলেও আন্দোলনের উদ্দেশ্য থেকে তিনি সরে আসবেন না। পাশাপাশি তিনি সমর্থকদের আসন্ন ‘সংসদ চলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান, যাতে দাবিগুলি আরও জোরালোভাবে সরকারের সামনে তুলে ধরা যায়।
এদিকে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়ম এবং প্রশ্নফাঁসের মতো ঘটনায় ক্ষুব্ধ হয়েই সোনম এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁর মতে, যুবসমাজের স্বার্থে এই লড়াই গুরুত্বপূর্ণ এবং আরও বেশি মানুষের এতে অংশ নেওয়া উচিত।
সূত্রের খবর, শুক্রবার সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে পারেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, তাঁর অনশন ঘিরে আদালতেও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সব মিলিয়ে সোনমের শারীরিক অবস্থা এবং আন্দোলনের ভবিষ্যৎ-দুই দিকেই এখন দেশজুড়ে নজর রয়েছে।


