Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেনে হারের পর গম্ভীরের কাছে আবেদন জানালেন সৌরভ। বিশেষ পরামর্শও দিলেন তিনি (Sourav Ganguly)।
গম্ভীরকে সৌরভের বার্তা (Sourav Ganguly)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে ভারতের ৩০ রানের হতাশাজনক পরাজয়ের পর ভারতীয় দলের নানান বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৫ বছর পর ভারতের মাটিতে স্মরণীয় টেস্ট জয় পেল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ছ’বছর পর ইডেনে যখন টেস্ট ফিরল সেই ম্যাচে ভারতকে তাদের নিজেদের ফাঁদে ফেলেই নাকানিচোবানি খাওয়াল প্রোটিয়া স্পিনাররা। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কোনও রাখঢাক না করেই তিনি তাঁর স্পষ্ট বার্তা দিয়েছেন গম্ভীরের উদ্দেশ্যে। ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগে থেকেই চর্চায় ছিল ইডেনের পিচ। তবে ইডেনে টেস্ট হারের পর গৌতম গম্ভীর বলেছেন যে তাঁরা এরকম পিচই চেয়েছিলেন। সেই নিয়ে ম্যাচের পর নিজের পুরনো বক্তব্যই ফিরিয়ে আনলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, দলের নির্দেশেই এই পিচ হয়েছে। তবে এরকম পিচ নিয়ে তিনি খুশি নন (Sourav Ganguly)।

সৌরভ বলেন, ‘বিতর্কের জায়গা নেই। টেস্টের জন্য এটা ভাল পিচ ছিল না। দুর্ভাগ্যবশত ভারত হেরে গিয়েছে। তবু তো দক্ষিণ আফ্রিকা ১২০ রানের লক্ষ্য রেখেছিল। গম্ভীররা এমন পিচই চেয়েছিলেন। তাঁরা নিজেই কিউরেটরকে নির্দেশ দিয়েছিলেন। আগেও বলেছি, আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল।’ সৌরভের কথায়, ‘ভারতকে ভাল উইকেটে খেলতে হবে। পিচকে খেলায় প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। ব্যাটসম্যানরা ৩৫০–৪০০ রান না করলে টেস্ট জেতা কঠিন। ইংল্যান্ডে জিতেছিলাম কারণ ব্যাটাররা রান তুলেছিল।’

আরও পড়ুন: Portugal: বিশ্বকাপে দেখা যাবে মেসি-রোনাল্ডো দুই মহাতারকাকেই
প্রধান নির্বাচক অজিত আগরকর জানান, পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস ও ফিটনেস সমস্যার কারণেই সামিকে দলে নেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি জানান, কোচ গৌতম গম্ভীরকে বুমরা, সিরাজ ও সামির ওপর পূর্ণ আস্থা রাখতে হবে। সৌরভ বলেন, ‘আমি গৌতমকে খুব পছন্দ করি। ২০১১ বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে। কিন্তু ওকে অবশ্যই ভাল পিচে খেলতে হবে। বুমরা, সিরাজ ও সামির ওপর বিশ্বাস রাখতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি সামির দলে থাকা উচিত। সামি আর স্পিনাররাই গৌতমকে টেস্ট জেতাবে।’ এদিকে ঘরোয়া ক্রিকেটে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চমক দেখাচ্ছেন সামি। নিজের দক্ষতার আর ফিটনেসের পরীক্ষায় যে তিনি লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছেন সেটা প্রমাণিত। এখন দেখার জাতীয় দলের নির্বাচকরা তাঁকে দলে ফেরানোর বিষয়ে আগ্রহ দেখান কিনা (Sourav Ganguly)।


