Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: প্রশাসনিক দক্ষতার সাথে চারিত্রিক গঠন এবং আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন ঘটাতে এক অনন্য উদ্যোগ নিল ন্যাশনাল অ্যাকাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস (NADT)। বৃহস্পতিবার কলকাতার রুবি মোড় সংলগ্ন আয়কর ভবন (পূর্ব)-এ স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হলো। একই সাথে প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণে একটি আধুনিক ধ্যানকক্ষের (Meditation Room) উদ্বোধন করা হয়েছে।
ঐতিহাসিক মুহূর্ত (Vivekananda Statue)
দেশের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কলকাতার এই রিজিওনাল ক্যাম্পাস। এখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং উত্তর-পূর্বাঞ্চলের আয়কর আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্তৃপক্ষের মতে, এই ঘটনা একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ ভারতের কোনো আয়কর দফতর বা NADT ক্যাম্পাসে এই প্রথম স্বামী বিবেকানন্দের মূর্তি (Vivekananda Statue) স্থাপিত হল।
আরও পড়ুন:Amit Shah: ফের রাজ্য সফরে অমিত শাহ, কোথায় সভা করবেন?
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী দিব্যানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ, NADT কলকাতার অতিরিক্ত মহাপরিচালক বি. সত্যনারায়ণ রাজু সহ আয়কর বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

অনুষ্ঠানে বক্তারা স্বামীজির অমর বাণী “শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পরিপূর্ণতার প্রকাশ” স্মরণ করিয়ে দেন (Vivekananda Statue)। স্বামী দিব্যানন্দজি মহারাজ তাঁর বক্তব্যে বলেন, প্রশাসনিক কাজে চাপের মুখেও ধৈর্য ও নৈতিকতা বজায় রাখা জরুরি। স্বামীজির আদর্শ প্রশিক্ষণরত আধিকারিকদের মধ্যে আত্মবিশ্বাস এবং সেবার মানসিকতা জাগ্রত করবে।
কর্তৃপক্ষের আশা, এই ধ্যানকক্ষ ও স্বামীজির মূর্তি ভবিষ্যতে আধিকারিকদের মানসিক স্থিরতা প্রদান করবে এবং সততার সাথে দেশসেবায় উদ্বুদ্ধ করবে। আয়কর ভবনের এই নতুন সংযোজনকে স্বাগত জানিয়েছেন দফতরের কর্মীরাও।


