Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাস্তব আর কল্পনার মাঝের সীমারেখা কোথায়? শিল্প কি শুধুই বাস্তবের প্রতিচ্ছবি, নাকি তার ভেতরেই লুকিয়ে থাকে অন্য এক পৃথিবীর দরজা? এই প্রশ্নগুলিকেই সামনে রেখে শ্রীজাতর উপন্যাস ‘তারাভরা আকাশের নিচে’ অবলম্বনে নির্মিত কৌশিক সেন নির্দেশিত ও অভিনীত নাটক ‘তারায় তারায়’ আবার ফিরছে মঞ্চে (Taray Taray)।

ঋত্বিকের হ্যালুসিনেশনে ভ্যান গঘের ছায়া (Taray Taray)
নাটকের কেন্দ্রে রয়েছে ঋত্বিক নামে এক যুবক। তীব্র হ্যালুসিনেশনে আক্রান্ত ঋত্বিককে নিয়ে তাঁর স্ত্রী শর্মিলা হাজির হন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রুখসার আহমেদের কাছে। কিন্তু ঋত্বিকের মানসিক জগতের অস্থিরতার সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে রয়েছে চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ এবং তাঁর সৃষ্টিশীলতা। বিশেষ করে ভ্যান গঘের বিখ্যাত The Starry Night যেন ঋত্বিকের কাছে হয়ে ওঠে এক অন্য জগতের দরজা।

ভ্যান গঘের জীবনেই কি ঋত্বিকের প্রতিচ্ছবি? (Taray Taray)
নাটক যত এগোয়, ততই উন্মোচিত হয় ভ্যান গঘের জীবনের নানা সংকট—একাকিত্ব, মানসিক যন্ত্রণা, শিল্পের প্রতি অদম্য টান এবং বাস্তব পৃথিবীর সঙ্গে তাঁর সংঘাত। সেই জীবনযন্ত্রণা ক্রমশ মিশে যেতে থাকে ঋত্বিকের সংকটের সঙ্গে। দর্শকের সামনে তখন তৈরি হয় এক আশ্চর্য সমান্তরাল জগৎ, যেখানে শিল্পী ভ্যান গঘ এবং ঋত্বিক যেন একই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে।
আরও পড়ুন: Utpal Dutt: মানবসভ্যতার ভণ্ডামির বিরুদ্ধে উৎপলের চাবুক আজও থামেনি

বাস্তব নাকি কল্পনার আরেক নাম?
ঋত্বিক নিজেকে হারিয়ে ফেলতে চায় ভ্যান গঘের ছবি ও শিল্পের মধ্যে। বাস্তবতার যন্ত্রণা থেকে পালিয়ে সে খুঁজতে থাকে এক বিকল্প পৃথিবী। কিন্তু সেই পৃথিবী কি মুক্তির, নাকি আরও গভীর এক অন্ধকারের? নাটকের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে বাস্তব, পরাবাস্তব এবং কল্পনার এই দোলাচল। “বাস্তব হল কল্পনার বিরুদ্ধে দীর্ঘ এক ষড়যন্ত্র। তাকে বিশ্বাস কোরো না।”—এই ভাবনাই যেন নাটকের অন্তর্গত দর্শনকে স্পষ্ট করে দেয়।
দেড় বছর পর আবার মঞ্চে
প্রায় দেড় বছর পর আগামী ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জ্ঞান মঞ্চে ফের অভিনীত হতে চলেছে ‘তারায় তারায়’। কৌশিক সেনের নির্দেশনা ও অভিনয়ে এই নাটক শুধু ভ্যান গঘের জীবনকে নতুন করে দেখার সুযোগই দেবে না, বরং দর্শককে নিজের বাস্তবতা, কল্পনা এবং মানসিক জগত নিয়েও প্রশ্ন করতে বাধ্য করবে।



