Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানের (TMC Protest) প্রতিবাদ ঘিরে এ বার রাজধানী দিল্লিতে উত্তাল হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূলের আট জন সাংসদ। অভিযোগ, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিত ভাবে রাজ্য সরকার ও তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে নিশানা করা হচ্ছে। এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছে শাসক দল।
শাহের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ (TMC Protest)
শুক্রবার সকাল আটটার কিছু পরেই শাহের (TMC Protest) দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল ও শর্মিলা সরকার। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ ঘিরে ধীরে ধীরে উত্তেজনা ছড়াতে থাকে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। কয়েক জন সাংসদকে টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় এবং তাঁদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশের উদ্দেশে প্রতিবাদ জানাতে দেখা যায় ডেরেক ও’ব্রায়েনকে।

তৃণমূলের সাংসদদের অভিযোগ (TMC Protest)
তৃণমূলের সাংসদদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (TMC Protest) ইঙ্গিতেই ইডি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে অভিযান চালিয়েছে। তাঁদের দাবি, নির্বাচনের আগে বিরোধী দলের কৌশল ও তথ্য হাতিয়ে নিতেই এই তৎপরতা। বৃহস্পতিবার একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তিনি স্পষ্ট বলেন, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সমাজ মাধ্যমে কড়া বার্তা
এই ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে কড়া বার্তা দেন। তাঁর বক্তব্যে উঠে আসে, গণতন্ত্রকে দমন করে এবং বিরোধীদের কণ্ঠরোধ করে বিজেপি নতুন ভারতের ছবি তুলে ধরছে। তবে পশ্চিমবঙ্গ এই চাপের কাছে মাথা নত করবে না বলেও তিনি দাবি করেন।

রাস্তায় নেমেছে তৃণমূল
এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতার রাস্তায় নেমেছে তৃণমূল। আইপ্যাকের সল্টলেক দফতরে ইডির অভিযান চলাকালীন হাজরা মোড়ে স্থানীয় নেতৃত্বের উদ্যোগে প্রতিবাদ শুরু হয়। পরে দলীয় ভাবে প্রতিটি ওয়ার্ডে মিছিলের ডাক দেওয়া হয়। শহরের বিভিন্ন প্রান্তে শাসক দলের নেতাকর্মীদের বিক্ষোভ চোখে পড়ে।
আরও পড়ুন: Horoscope: পৌষ কৃষ্ণা ষষ্ঠী তিথি, ভালো কাটবে কার?
শুক্রবার সেই প্রতিবাদ আরও বড় আকার নিতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের ঘোষণা করা হয়েছে। দুপুর দু’টো নাগাদ শুরু হবে এই কর্মসূচি। যাদবপুর থানা, প্রিন্স আনোয়ার শাহ রোড ও টালিগঞ্জ এলাকা পেরিয়ে মিছিল পৌঁছবে হাজরায়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই মিছিলে সামনের সারিতে থাকবেন বলে দলীয় সূত্রে খবর।


