Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: কোনও সরকারি সাহায্য বা উন্নত যন্ত্র ছাড়াই, খালি হাতে লড়াই চালিয়ে দীর্ঘ সাত মাস পর আবর্জনার স্তূপ থেকে আস্ত নদী ফিরিয়ে আনলেন ২১ বছরের এক তরুণ! মধ্যপ্রদেশের রাজগড় জেলার ব্যাওরা শহরের বিজ্ঞান বিভাগের ছাত্র সুরেন্দ্র সিংহ চৌধরি ওরফে ‘বিট্টু’ এখন নেটদুনিয়ার জাতীয় নায়ক (Viral News)। তাঁর এই অবিশ্বাস্য লড়াই দেখে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকে পাঠালেন নিজের বাসভবনে, একই সঙ্গে ইউরোপ থেকেও এসেছে মোটা অঙ্কের চাকরির প্রস্তাব!
অসাধ্য সাধনের রূপকথা (Viral News)
ব্যাওরা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ‘অজনার নদী’ দীর্ঘদিন ধরে প্লাস্টিক বর্জ্য ও নোংরায় থিকথিক করছিল। দুর্গন্ধে কাছে ঘেঁষা ছিল অসম্ভব। পুরসভা থেকে সাধারণ মানুষ, অভিযোগ তুললেও কাজের কাজ করছিলেন না কেউ।
কোনও গ্লাভস বা সুরক্ষাবর্ম ছাড়াই বিট্টু একাই নেমে পড়েন নদীতে। তিল তিল করে প্লাস্টিক বোতল, নোংরা ও আগাছা টেনে তোলেন। খালি হাতে চলে ৭ মাসের লড়াই। তবে এক ছবিতেই বাজিমাত। সাফাইয়ের আগের ও পরের ‘সেলফি’ সোশ্যাল মিডিয়ায় (Viral News) পোস্ট করতেই রাতারাতি ভাইরালে রূপ নেয় তাঁর অসাধ্য সাধন!
নেদারল্যান্ডসের অফার!
বিট্টুর এমন নজিরবিহীন কীর্তি দেখে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁকে নিজের বাসভবনে ডেকে এনে সম্মানিত করেন এবং ‘ব্যাওরার গর্ব’ বলে আখ্যা দেন। শুধু তাই নয়, খবর ছড়িয়ে পড়ে নেদারল্যান্ডসের এক পরিবেশবান্ধব সংস্থার সিইও পদের জন্য অফার দেওয়া হয়েছে তাঁকে!
আনন্দের মাঝেও কেন বিষাদের সুর বিট্টুর গলায়?
এত প্রশংসাতেও খুশি হতে পারছেন না তরুণ সুরেন্দ্র। নদী পরিষ্কারের মাত্র কয়েক দিন কাটতে না কাটতেই আবার কিছু অসচেতন নাগরিক নদীতে প্লাস্টিক ও জঞ্জাল ফেলতে শুরু করেছেন (Viral News)। ‘এত পরিশ্রমের পর যদি মানুষ সচেতন না হয়, তবে ফের আগের অবস্থায় ফিরে যাবে নদী। কেন যে মানুষ এখনও নদীকে ডাস্টবিন ভাবেন, জানি না!’ আক্ষেপ বিট্টুর।
আরও পড়ুন:Spurious Liquor: ব্র্যান্ডের আড়ালে বিষাক্ত মদ বিক্রি! মধ্যপ্রদেশে বিষমদের বলি ৫, আশঙ্কাজনক আরও ৬
তরুণের সুরক্ষার কথা ভেবে এবং তাঁর আবেদনের ওপর ভিত্তি করে অবশেষে নড়েচড়ে বসেছে পুরসভাও। এলাকায় নামানো হয়েছে জেসিবি এবং আধুনিক সাফাই যন্ত্র।


