Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অসুস্থ আদিবাসী যুবককে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে! পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভাইরাল ভিডিয়ো (Viral Video) ঘিরে স্বাস্থ্য পরিকাঠামোর হাল নিয়ে ফের উঠছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপিকে কাঠগড়ায় তোলে তৃণমূলও।
পাহাড়ে বিপর্যয়ের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই তাতে লেগেছে রাজনীতির রং। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে যান উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্থ এলাকা। বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরাও। বিধানসভা ভোটের আগে যখন শাসক থেকে বিরোধীরা, সকলেই উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছে। তখনই এক হৃদয়বিদারক চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো (Viral Video), যেখানে দেখা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক অসুস্থ যুবককে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা।
আরও পড়ুন:Khanakul in Hooghly District: ফের বন্যার আশঙ্কা! ডিভিসি’র জল ছাড়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
জানা গিয়েছে, ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের দেবশালা এলাকার আমানিডাঙা গ্রামের। ভাইরাল ভিডিয়োতে (Viral Video) দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে মশাল হাতে কাঁচা রাস্তা পেরিয়ে বুদ্ধ মুর্মু নামে আদিবাসী যুবককে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এই ভিডিয়ো ঘিরে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
সৌমিত্র খাঁ-র পোস্টে ঘৃতাহুতি (Viral Video)
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নিজের সোশ্যাল মিডিয়া ‘এক্স’ হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি লেখেন, “পথশ্রীর অজানা কথা — ফিরিস্তি শুনে ক্লান্ত! আদিবাসীদের উন্নয়নে মোদীজি হাজার হাজার কোটি টাকা পাঠান, কিন্তু রাজ্যের সরকার কানাকড়িও খরচ করে না। এরই প্রমাণ এই ঘটনা!”

বিজেপি দাবি করেছে, রাজ্যের তথাকথিত উন্নয়নের ঢাকের ফাঁক ফোকর থেকেই স্পষ্ট যে আদিবাসী এলাকাগুলিতে পরিকাঠামো এখনও বেহাল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণে শানিয়েছে কেন্দ্রকে। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ রায় বলেন, “এই ঘটনা দুঃখজনক ঠিকই, তবে কেন্দ্রীয় সরকার বরাদ্দ অর্থ যথাযথভাবে দেয় না বলেই অনেক প্রকল্প আটকে থাকে। বিজেপি শুধু রাজনীতি করছে।”
আরও পড়ুন:Railway Drug Bust: নৈহাটি স্টেশনে টুরিস্ট ব্যাগে গাঁজা! ১০০ কেজি গাঁজাসহ ধৃত চার!
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আদিবাসী এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এতদিনেও ব্যর্থ রাজ্য ও কেন্দ্র? নাকি উত্তরবঙ্গের বিপর্যয়কে নিয়ে রাজনীতির মধ্যে হারিয়ে যাচ্ছে, সাধারণ মানুষে প্রয়োজনীয় সমস্যা? এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে।


