Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ২০২৬ সালের বিধানসভা (WB Assembly Election 2026) নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন একসঙ্গে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিনক্ষণ প্রকাশ করেছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গও। ঘোষণামতো, বাংলায় দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। আর ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
অন্যান্য রাজ্যে ভোটের দিনক্ষণ (WB Assembly Election 2026)
একই সঙ্গে অন্যান্য রাজ্যের ভোটের (WB Assembly Election 2026) দিনক্ষণও জানানো হয়েছে। অসম, কেরল এবং পুদুচেরিতে একদফায় ভোট হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতেও এক দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। এই সব রাজ্যের ভোটগণনার ফল প্রকাশ করা হবে একই দিনে, অর্থাৎ ৪ মে।
নির্বাচনের আগাম প্রস্তুতি (WB Assembly Election 2026)
নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফর করে প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়াও শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Mamata on DA: ভোট ঘোষণার আগে মমতার মাস্টারস্ট্রোক, বকেয়া ডিএ মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর!
ভোটার তালিকা নিয়েও চলছে কাজ
অন্যদিকে ভোটার তালিকা নিয়েও চলছে কাজ। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারকে ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ লক্ষ ভোটারের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। তবে এখনও প্রায় ৪৫ লক্ষের বেশি ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি রয়েছে।
সব মিলিয়ে নির্বাচন ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রস্তুতি। আগামী কয়েক সপ্তাহ জুড়ে প্রচার, কৌশল আর রাজনৈতিক সমীকরণে জমে উঠতে চলেছে বাংলার ভোটের লড়াই।


