Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এপ্রিলের শেষ দিকে এসে বাংলাজুড়ে গরম যেন আরও বাড়ছে। দিনের বেলায় রাস্তায় বের হওয়া দায় হয়ে উঠছে অনেকের (Weather Report)। তবে এই তীব্র গরমের মধ্যেই একটু স্বস্তির ইঙ্গিত মিলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে। তবে, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়লেও ভিজবে উত্তরবঙ্গ।

দক্ষিণবঙ্গ আবহাওয়া (Weather Report)
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে একদমই বৃষ্টির পূর্বাভাস নেই তেমনটা নয়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছু জায়গায় বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে। যদিও সব জেলায় বৃষ্টি হবে না, বেশিরভাগ জায়গাতেই শুষ্ক গরম থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। মূলত বাংলাদেশ ও অসমের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সেই কারণে এই হালকা বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলায় জেলায়। তবে আজ বিকাল থেকে বৃষ্টি আরও কমে যাবে। তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। তবে, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলেও গরম বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন মঙ্গলবার ও বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে চরম অস্বস্তিকর গরম থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস।
কলকাতা আবহাওয়া (Weather Report)
আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আগামী কয়েক দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। ফলে বাতাসে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা – ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ শতাংশ থেকে ৮৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Report)
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত। মালদহ-উত্তর দিনাজপুর-সহ নিচের জেলাগুলিতেও ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বৃহস্পতিবার থেকে পাহাড়ি জেলাগুলিতে আবারও বৃষ্টি বাড়বে। অর্থাৎ, ভোটের দিন উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বৃষ্টির সম্ভাবনা। তবে, মালদা ও দুই দিনাজপুর এই তিন জেলার ক্ষেত্রে ভোটের দিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।।
আরও পড়ুন: Dipshita Dhar: মিথ্যে বলছে দীপ্সিতা, প্রতিবাদে রাস্তায় নামল মিছিল
সবমিলিয়ে, ভোটের মুখে একদিকে যেখানে দক্ষিণবঙ্গে গরম ক্রমেই বাড়ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরিস্থিতিকে খানিকটা বদলে দিতে পারে। তবে পুরো রাজ্য জুড়ে এখনই বড় কোনো স্বস্তির আশা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত মিলছে। তাই ভোটের সময় আপাতত গরমের সঙ্গে লড়াই চালিয়েই যেতে হবে।



