Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে যেন নিজের শক্তি নতুন করে জানান দিচ্ছে শীত (Weather Update)। কলকাতা ও সংলগ্ন এলাকায় একের পর এক রেকর্ড ভেঙে নামছে তাপমাত্রার পারদ। মরশুমে এই প্রথমবার ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকল সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৭ ডিগ্রি কম। এর ফলে চলতি শীতের মরশুমে এটিই হয়ে উঠেছে কলকাতার সবচেয়ে শীতল দিন।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update)
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে। এরপর দু’-তিন দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তবে বছরের শেষ লগ্নে, অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। নতুন বছরের শুরুতে সর্বোচ্চ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যদিও বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
কলকাতায় তাপমাত্রার ওঠানামা (Weather Update)
গত কয়েক সপ্তাহ ধরে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে। ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, ২১ ডিসেম্বর তা নেমেছিল ১৪.৪ ডিগ্রিতে, ৬ ডিসেম্বর ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, এর পর শুক্রবার সেই ধারাবাহিক পতনের চূড়ান্ত রূপ দেখা গেল ১২.৯ ডিগ্রিতে। শীতের এই দাপটে ভোর ও রাতের দিকে শহরজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।

জেলাগুলিতে আরও কড়া শীত (Weather Update)
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও পারদ ৮ ডিগ্রির কাছাকাছি নামছে, যা শীতের প্রকোপকে আরও তীব্র করছে।
উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি (Weather Update)
দিঘা, কাঁথি, সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও শীত অনুভূত হচ্ছে স্পষ্টভাবে। এই সব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরবঙ্গ (Weather Update)
উত্তরবঙ্গে শীতের দাপট সবচেয়ে বেশি। আগামী ২-৩ দিনের জন্য কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ‘শীতল দিনের চরম সতর্কতা’ জারি করা হয়েছে। এই সময়, রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৫ ডিগ্রি কম থাকবে, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকা ও উঁচু জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ঘন কুয়াশার সতর্কতা (Weather Update)
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপটও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যান চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন:Govinda: ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর আগেই কেন চর্চায় গোবিন্দা?
বাংলার বাইরেও শৈত্যপ্রবাহ
শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্যেও জাঁকিয়ে বসেছে শীত। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান ও ঝাড়খণ্ডে চলছে শৈত্যপ্রবাহ। বিহার, উত্তরপ্রদেশ, সিকিম ও উত্তরাখণ্ডেও ক্রমশ কমছে তাপমাত্রা। পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও অরুণাচল প্রদেশে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।



