Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দা (Govinda)। কমেডি, নাচ আর ‘মুম্বইয়া’ স্টাইলে সংলাপ সব মিলিয়ে তিনি এক সময় দর্শকের ঘরের মানুষ ছিলেন। তবে বছরখানেক আগে দেওয়া একটি সাক্ষাৎকার তাঁকে ফের আলোচনার কেন্দ্রে এনে ফেলেছিল। সেই সাক্ষাৎকারে গোবিন্দা দাবি করেন, বিশ্বখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন নাকি তাঁকে ‘অবতার’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। শুধু তাই নয়, ৪১০ দিনের শুটিং ও প্রায় ১৮ কোটি টাকার পারিশ্রমিকের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।

ভাইরাল ভিডিও ও নতুন রহস্য (Govinda)
সম্প্রতি সেই পুরনো বিতর্কেই নতুন করে ঘি ঢেলেছে একাধিক ভাইরাল ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে নীলাভ রঙে নিজেকে রাঙিয়ে ‘নভি’ অবতারে গোবিন্দা হাজির। রঙচঙে পোশাক, চেনা ‘মুম্বইয়া’ টানে সংলাপ, আর পেছনে দাঁড়িয়ে ‘অবতার’-এর আসল চরিত্র জেক সালি ও তার পরিবার। এই দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে তাহলে কি সত্যিই ‘অবতার’-এর হাত ধরেই হলিউডে পা রাখলেন গোবিন্দা? এতদিন কি দর্শকের চোখের আড়ালেই ছিল এই তথ্য?
এআই-এর কারসাজি, বাস্তব নয় (Govinda)
কৌতূহলের পারদ যতই চড়ুক, সত্যিটা কিন্তু একেবারেই আলাদা। জানা যায়, ভাইরাল হওয়া এই সমস্ত ভিডিও আদতে বাস্তব নয়। এগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। অর্থাৎ গোবিন্দা বাস্তবে কখনওই ‘অবতার’ ছবিতে অভিনয় করেননি, কিংবা এই সিনেমার সুবাদে হলিউডে তাঁর অভিষেক হয়নি। ডিপফেক ও এআই প্রযুক্তির এই যুগে বাস্তব ও কল্পনার সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। গোবিন্দার এই ‘নভি অবতার’ তারই একটি বড় উদাহরণ।

কেন হঠাৎ এই ভিডিও ছড়িয়ে পড়ল? (Govinda)
প্রশ্ন উঠছে হঠাৎ কেন গোবিন্দাকে ঘিরে এমন এআই ভিডিও ছড়িয়ে পড়ল? এর উত্তর লুকিয়ে আছে সেই পুরনো সাক্ষাৎকারেই। বছরখানেক আগে ‘অবতার’-এ অভিনয়ের দাবি তুলে যে বিতর্ক তৈরি করেছিলেন গোবিন্দা, তারই জের ধরে নিন্দুকদের একাংশ নাকি পরিকল্পিতভাবেই তাঁকে বিদ্রুপ করতে এই এআই ভিডিও ছড়িয়েছে। এক কথায় বলা যায়, ট্রোলের নতুন অস্ত্র হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
গোবিন্দার সেই বিস্ফোরক বক্তব্য (Govinda)
সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানিয়েছিলেন তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর ভাষায়, “আমেরিকায় এক সর্দারজির সঙ্গে দেখা করে তাকে ব্যবসার বুদ্ধি দিয়েছিলাম। কয়েক বছর পর তিনিই আমাকে জেমস ক্যামেরনের সঙ্গে আলাপ করান। ক্যামেরন আমাকে একটি বিশেষভাবে সক্ষম চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। ৪১০ দিনের শুটিংয়ের জন্য ১৮ কোটি টাকা পারিশ্রমিকের কথাও বলেন। কিন্তু আমি রাজি হইনি। নীল রং মাখলে তো হাসপাতালে যেতে হবে।” এই মন্তব্যই তাঁকে প্রবল ট্রোলিংয়ের মুখে ফেলেছিল। অনেকেই বিষয়টিকে অতিরঞ্জিত বা অবাস্তব বলে কটাক্ষ করেছিলেন।
আরও পড়ুন: Tea Reciepe: চা ছাড়া দিন চলে না? চায়ের পারফেক্ট রেসিপি জানেন?
ফায়ার অ্যান্ড অ্যাশ’ ও নতুন করে চর্চা
এখন ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির আবহে পুরনো সেই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এআইয়ের সাহায্যে তৈরি ভিডিও যেন গোবিন্দাকে নতুন এক ‘অবতার’ উপহার দিয়েছে যদিও তা পুরোপুরি কল্পনাপ্রসূত।



