Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দেশভাগের পটভূমিতে ঠিক কী ভাবে জন্ম নিয়েছিল আজকের পশ্চিমবঙ্গ? সেই ইতিহাসই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কলকাতায় শুরু হয়েছে পাঁচ দিনের বিশেষ আর্কাইভ ও ফটোগ্রাফি প্রদর্শনী। ‘ধানসিড়ি থেকে অঞ্জনার উপাখ্যান’ শীর্ষক এই প্রদর্শনীর মূল আকর্ষণ পশ্চিমবঙ্গের (West Bengal) আত্মপ্রকাশের ইতিহাস। ইতিহাসের দলিল, পুরনো সংবাদপত্র, চিঠিপত্র ও আইনসভার নথির পাশাপাশি রয়েছে সমকালীন বাংলার নানা প্রান্তের ছবি।
পেশায় ইঞ্জিনিয়ার, গবেষক ও চিত্রগ্রাহক রূপেশ সরকারের উদ্যোগে কলকাতার নন্দন চত্বরের গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় চলছে এই প্রদর্শনী। গত ১০ অক্টোবর থেকে এই প্রদর্শনী চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে প্রদর্শনী। ইতিহাসের দুর্লভ দলিল ও সমকালীন বাংলার সুন্দরের এমন মেলবন্ধন দেখতে ভিড় জমাচ্ছেন নানা বয়সের মানুষ।
ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন (West Bengal)
দুই বাংলার দুই নদী, ধানসিঁড়ি আর অঞ্জনার নামকরণের সঙ্গে মিল রেখেই প্রদর্শনীর বিন্যাস করা হয়েছে। দুটি পর্বে বিভক্ত এই প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার রূপান্তর:
প্রথম পর্ব (ইতিহাস ও গবেষণা): এখানে ফিরে দেখা হয়েছে ১৯৪৭ সালের সেই অস্থির সময়কে। পশ্চিমবঙ্গের (West Bengal) আত্মপ্রকাশের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা, হিন্দু মহাসভার কার্যকলাপ, তারকেশ্বর সম্মেলন এবং বঙ্গীয় আইনসভার কার্যবিবরণীর গুরুত্বপূর্ণ নথিপত্র স্থান পেয়েছে। বিশেষ করে ১৯ জুন ১৯৪৭-এর ঐতিহাসিক আইনসভার ভোট এবং তৎকালীন রিপোর্টিং নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করে তুলবে।
আরও পড়ুন:Parkstreet Durga Puja Theme: পার্ক স্ট্রিটে এবার ডমরুর নিনাদ, শিব-দুর্গার আখ্যান অ্যালেন পার্কে
দ্বিতীয় পর্ব (রূপসী বাংলা): ইতিহাসের পাতা থেকে বেরিয়ে দ্বিতীয় পর্বে ঠাঁই পেয়েছে আজকের পশ্চিমবঙ্গ (West Bengal) । পাহাড়ি পথ, নদী, জঙ্গল, বাংলার উৎসব, সংস্কৃতি ও জনজীবনের নানা মুহূর্তের ৩০টি নজরকাড়া আলোকচিত্র এই অংশে তুলে ধরা হয়েছে।
প্রদর্শনী ঘুরে দেখে এর তথ্য সংগ্রহ, প্রেজেন্টেশন এবং গবেষণামূলক কাজের উচ্চ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডঃ সুব্রত গুপ্ত এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরসূরি ডঃ দেবদত্তা চক্রবর্তী। পাশাপাশি, এই উদ্যোগের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ।
আরও পড়ুন: Suvendu Adhikari: ডবল ইঞ্জিনের পর এবার ট্রিপল ইঞ্জিন? কলকাতা-হাওড়ায় পদ্ম ফোটানোর ডাক শুভেন্দুর!
ব্যস্ত শহরের ভিড়ে এমন গবেষণাধর্মী ও মননশীল প্রদর্শনী পুরনো দিনগুলোকে এক সুতোয় বেঁধেছে। আগামী প্রজন্মকে শিকড়ের সন্ধান দিতে এক অনন্য দিশারি হয়ে উঠেছে ‘ধানসিঁড়ি থেকে অঞ্জনার উপাখ্যান’ প্রদর্শনী।


