Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিল (India vs Brazil) আসছে। উন্মাদনায় মেতে গোটা দেশ। ভারতীয় ফুটবল সমর্থকরা অপেক্ষায় রয়েছেন দেশের মাটিতে সাম্বার তালে নাচার জন্য। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতের মুখোমুখি হতে আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ঐতিহাসিক ম্যাচটিকে কেন্দ্র করে এখন থেকেই সাজ সাজ রব ভারতীয় ফুটবল মহলে।
সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের বার্তা (India vs Brazil)
ভারত সফর নিয়ে উন্মাদনা লুকিয়ে রাখেনি ব্রাজিল ফুটবল ফেডারেশনও । সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে তারা। হিন্দিতে লেখা “আমরা আসছি” বার্তার পাশাপাশি ক্যাপশনে বলা হয়েছে, “ভারত, আমরা আসছি। এই প্রথমবার কোনও ব্রাজিল দল ভারতে খেলতে যাচ্ছে। কলকাতায় দেখা হচ্ছে।” ব্রাজিলের মতো বিশ্বমানের দলের এমন উৎসাহ ভারতীয় ফুটবলপ্রেমীদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।
টেকনিক্যাল টিমের আগমন (India vs Brazil)
সুত্রের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলে আগামী ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায় এসে পৌঁছবেন ভিনিসিয়াস জুনিয়ররা। এরপর ১ ও ২ অক্টোবর কলকাতায় প্র্যাকটিস সেরে সরাসরি ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবেন তাঁরা। ম্যাচের আগে দলের প্র্যাকটিস মাঠ কেমন হবে এবং খেলোয়াড়দের সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার রূপরেখা খতিয়ে দেখতে খুব শীঘ্রই শহরে চলে আসছে ব্রাজিলের বিশেষ টেকনিক্যাল টিম। ফেডারেশন কর্তাদের সঙ্গে আলোচনা করে তারা পুরো প্র্যাকটিস এবং নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবে।
আরও পড়ুন: India vs Brazil: প্রস্তুতি কেমন? কলকাতা সফরে ব্রাজিলের প্রতিনিধিদল
হোটেল ও লজিস্টিক প্রস্তুতি (India vs Brazil)
চার্টার্ড বিমানে মোট ৯৬ জনের একটি প্রতিনিধি দল ব্রাজিলের (India vs Brazil) সঙ্গে কলকাতায় আসছে। ফিফা ফ্রেন্ডলির কড়া নিয়ম এবং বিশ্বমানের ফুটবলারদের আতিথেয়তার কথা মাথায় রেখে কলকাতার একাধিক পাঁচতারা হোটেল ঘুরে দেখছেন ব্রাজিলীয় কর্তারা। শুধুমাত্র ফুটবলারদের থাকা নয়, বরং মিটিং রুম, আধুনিক ম্যাসাজ রুম এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সুনিশ্চিত করতে এখন থেকেই হোটেল বুকিং ও লজিস্টিক নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।



