Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডলকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে (Tulu Mondal)। দীর্ঘদিন ধরে পলাতক থাকা টুলু মন্ডলের দেশে ফেরার জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা আজ, ১৭ নভেম্বর শেষ হচ্ছে। ফলে আজই কি দুবাই থেকে কলকাতায় ফিরবেন তিনি? নাকি শেষ মুহূর্তেও অন্য কোনও আইনি পদক্ষেপের পথে হাঁটবেন? এই প্রশ্নেই এখন সরগরম রাজনৈতিক মহল। সূত্রের খবর, আজ টুলু মন্ডল কলকাতায় ফিরতে পারেন। তবে দেশে ফিরলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।
সিউড়ি আদালতে হাজিরা, নাকি হাইকোর্টে আগাম জামিন? (Tulu Mondal)
টুলু মন্ডল দেশে ফিরলে তাঁকে সিউড়ির এসিজেএম আদালত এবং তদন্তকারী আধিকারিকদের কাছে নিজের প্রত্যাবর্তনের বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করার কথাও জানাতে হবে তাঁকে। তবে দেশে ফিরেই কি সিউড়ি আদালতে হাজিরা দেবেন, নাকি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করবেন, তা এখনও স্পষ্ট নয়। এই সিদ্ধান্তের উপরই অনেকটা নির্ভর করছে আগামী দিনে তাঁর আইনি পরিস্থিতি(Tulu Mondal)।
৮ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ, গ্রেফতার করতে পারবে না পুলিশ? (Tulu Mondal)
গত ৪ নভেম্বর টুলু মন্ডলের আবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরতে হবে। পাশাপাশি দেশে ফেরার দিন থেকে তিন সপ্তাহ, অর্থাৎ ৮ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত বন্ধ থাকবে না। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী আধিকারিকরা। নির্ধারিত সময়ের মধ্যে দেশে না ফিরলে তাঁর রক্ষাকবচ বাতিল এবং সিউড়ি আদালতের জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া পুনরায় কার্যকর করার বিষয়েও সতর্ক করেছিল শীর্ষ আদালত।
ইডির তদন্তে বেআইনি সম্পত্তির হদিশ (Tulu Mondal)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বীরভূমের এই প্রভাবশালী পাথর ব্যবসায়ীর বিপুল সম্পত্তি নিয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারী সংস্থার দাবি, টুলু মন্ডল এবং তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান গয়না। এরপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তদন্তকারীদের দাবি, দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছিলেন তিনি। পলাতক অবস্থাতেই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন টুলু। সেই পরিস্থিতিতে তাঁর আদালতের দ্বারস্থ হওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
মুকুল রোহতগির সওয়াল, সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরার শর্ত
কলকাতা হাইকোর্টে প্রত্যাশিত সুরাহা না মেলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টুলু মন্ডল। শীর্ষ আদালতে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। তাঁর দাবি ছিল, বৈধ ভিসা নিয়ে পরিবারের সঙ্গে ব্যবসার কাজে দুবাইয়ে রয়েছেন টুলু। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পদক্ষেপ করা হচ্ছে। তিনি কোনও অপরাধী নন এবং আইনি সুরক্ষা পেলেই দেশে ফিরতে প্রস্তুত।



