Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডোমকলের সাধারণ মানুষের জন্য চালু হল নতুন অনলাইন পোর্টাল ‘আমার ডোমকল’ (Amar Domkal)। বিধায়কের উদ্যোগে তৈরি এই পোর্টালের মাধ্যমে এবার বিধানসভা এলাকার বাসিন্দারা বাড়িতে বসেই স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনপরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। ১৮ আগস্ট ডোমকল বি.টি. হাইস্কুলে পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান।

অভিযোগ জানানো যাবে অনলাইনে (Amar Domkal)
রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা, স্কুল, স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা এই পোর্টালের মাধ্যমে জানানো যাবে। অভিযোগ জমা পড়ার পর তা নথিভুক্ত করে সংশ্লিষ্ট দফতর বা কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা থাকবে।
অভিযোগের অগ্রগতিও জানা যাবে (Amar Domkal)
শুধু অভিযোগ জানানো নয়, তার পরবর্তী অবস্থাও জানতে পারবেন অভিযোগকারী। পোর্টালে ঢুকে নিজের অভিযোগের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে। ফলে অভিযোগ জমা দেওয়ার পর সেটির কী অগ্রগতি হল, তা জানতে বারবার বিধায়কের দফতরে যাওয়ার প্রয়োজন হবে না।
প্রকাশ্যে থাকবে কাজের খতিয়ান (Amar Domkal)
‘আমার ডোমকল’-এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্বচ্ছতা। কতগুলি অভিযোগ জমা পড়েছে, কতগুলির কাজ শুরু হয়েছে, কতগুলি সমাধান হয়েছে এবং কতগুলি এখনও আটকে রয়েছে—এই সংক্রান্ত সামগ্রিক তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে।

মহিলাদের জন্যও সুবিধাজনক (Amar Domkal)
সংসারের দায়িত্ব সামলে অনেক মহিলার পক্ষে দিনের পর দিন দফতরে গিয়ে অভিযোগ জানানো কঠিন। তাঁদের কথা মাথায় রেখেই অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়িতে বসেই অভিযোগ জানানো এবং তার অগ্রগতি দেখার সুযোগ থাকবে।
পরিযায়ী শ্রমিকদের সমস্যাতেও নজর
ডোমকলের বহু বাসিন্দা কেরালা, দিল্লি, মহারাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলিতে কাজ করেন। তাঁরাও কর্মস্থল থেকেই নিজেদের পরিবার বা এলাকার সমস্যার কথা জানাতে পারবেন। পরিবারের সদস্যরাও প্রয়োজনে তাঁদের হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।
ছাত্র, কৃষক ও প্রবীণদের জন্যও উন্মুক্ত (Amar Domkal)
স্কুলের পরিকাঠামো, পানীয় জল, স্কলারশিপ বা যাতায়াতের সমস্যা থেকে শুরু করে কৃষকদের সেচ, খাল, রাস্তা এবং চাষের উপকরণ সংক্রান্ত সমস্যাও জানানো যাবে। প্রবীণরা পেনশন, রেশন কিংবা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে পারবেন। ফোন ব্যবহারে অসুবিধা হলে পরিবারের সদস্য বা প্রতিবেশীরাও তাঁদের হয়ে অভিযোগ করতে পারবেন।

আরও পড়ুন: BJP Dilip Ghosh: পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয়, সেখানে দুর্নীতি আছে: দিলীপ ঘোষ
জনপ্রতিনিধির কাজের জবাবদিহির দাবি
উদ্যোগ নিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, জনপ্রতিনিধির আসল পরীক্ষা প্রতিশ্রুতিতে নয়, মানুষের সমস্যা সামনে আসার পর কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে। বিধায়ক মোস্তাফিজুর রহমানের দাবি, দীর্ঘদিন ধরে দফতরে ঘোরার হয়রানি কমাতেই এই পোর্টাল তৈরি করা হয়েছে। অভিযোগের সমাধান হোক বা না হোক, তার প্রকৃত অবস্থাও পোর্টালে স্পষ্টভাবে তুলে ধরা হবে।



