Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : কলকাতাবাসীদের জন্য সুখবর। আরও বিস্তৃত হচ্ছে মেট্রোর (Kolkata Metro) পরিধি। আগামী কয়েক বছরে মেট্রোর নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে আরও প্রায় ১৩০ কিলোমিটার নতুন পথ। তবে শুধু রুট বৃদ্ধিই নয়, আগের বছরের তুলনায় মেট্রোর উপার্জনও বেড়েছে ৩৪ শতাংশ।
শহরের গণ্ডি ছাড়িয়ে শহরতলিতে মেট্রো (Kolkata Metro)
তিলোত্তমার প্রাণভোমরা কলকাতা মেট্রো (Kolkata Metro) এবার শহরের গণ্ডি ছাড়িয়ে দ্রুত পৌঁছে যাচ্ছে শহরতলিতে। যাত্রী পরিষেবা ও নেটওয়ার্ক বিস্তারে একের পর এক মাইলফলক স্পর্শ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী কয়েক বছরের মধ্যেই মেট্রোর নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে আরও প্রায় ১৩০ কিলোমিটার নতুন পথ , যা শহরের যোগাযোগ ব্যবস্থায় এনে দেবে এক আমূল পরিবর্তন।
গুরুত্বপূর্ণ রুট
মেট্রো সূত্রের খবর, ১৩০ কিলোমিটার নেটওয়ার্ক সম্প্রসারণের এই মেগা প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
পার্পেল লাইন: তারাতলা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সংযোগ
অরেঞ্জ লাইন: চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পথ
উত্তর ও পূর্ব শহরতলি: ব্যারাকপুর এবং বারাসত মেট্রো
বেড়েছে মেট্রোর আয়
এই নতুন রুটগুলি চালু হলে শুধু কলকাতা শহরই নয়, সংলগ্ন দুই ২৪ পরগনা ও হাওড়ার বাসিন্দারাও দ্রুত ও যানজটমুক্ত যাতায়াতের সুবিধা পাবেন। শুধু রুট বৃদ্ধিই নয়, উপার্জনেও রেকর্ডের মুখ দেখছে কলকাতা মেট্রো। মেট্রো রেলের সূত্রের খবর ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ২৩ কোটি ৬০ লক্ষ যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেছেন। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে জুলাই ২০২৬ পর্যন্ত মেট্রোর আয় হয়েছে প্রায় ১৬৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।
মেট্রো পরিষেবাতে আধুনিকীকরণ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে গতি এসেছে মেট্রো পরিষেবাতেও। ‘কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে কিউআর কোড টিকিট, টোকেন ও স্মার্ট কার্ড রিচার্জের সুবিধা থাকায় কাউন্টারের দীর্ঘ লাইন এড়ানো সম্ভব হচ্ছে। যাত্রী নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দিয়ে আধুনিকতার পথে আরও এগিয়ে চলেছে তিলোত্তমার এই ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা।


