Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: ফের কলকাতার নামী স্কুলে সাপের (School Snake Bite) আতঙ্ক। এ বার খোদ ভবানীপুরের একটি ঐতিহ্যবাহী সরকারপোষিত স্কুলে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে টিফিনের সময় ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সর্পদষ্ট অবস্থায় ওই পড়ুয়াকে তড়িঘড়ি এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশু বিভাগে চিকিৎসাধীন ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
ঠিক কী হয়েছিল? (School Snake Bite)
জানা গিয়েছে, প্রথম শ্রেণির ওই ছাত্রের বাড়ি (School Snake Bite) টালিগঞ্জে। প্রতিদিনের মতো সোমবারও স্কুলে এসেছিল সে। সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিন বিরতি চলছিল। সেই সময়ই আচমকা তার ডান হাতে সাপের কামড় লাগে বলে অভিযোগ। শুধু হাতে কামড়ের চিহ্ন নয়, ওই পড়ুয়ার পা বেয়ে সাপটি উঠে এসেছিল কি না, তা নিয়েও প্রাথমিক ভাবে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনার পরই স্কুল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের মধ্যে শুরু হয় সাপের খোঁজ। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক বিভাগের ক্লাস মূলত স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলায় হয়। কিন্তু টিফিনের সময় ছোট পড়ুয়ারা একতলায় নেমে খেলাধুলা করছিল। সেই সময়ই ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Road Issue: বরাদ্দ হয়েও রাস্তার কাজ শুরু হয়নি, কালিকাপ্রতা গ্রামের তিন রাস্তা বেহাল
শিক্ষকদের প্রাথমিক অনুমান, একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের আশপাশে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কোন জায়গা থেকে সাপটি এসেছিল, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। টিফিনের সময় ওই এলাকায় কারা ছিল, পড়ুয়াটি কোথায় গিয়েছিল এবং সাপটি কোন দিক থেকে এসেছিল—সিসিটিভি ফুটেজ দেখে তারই উত্তর খোঁজার চেষ্টা চলছে। তবে দুপুর পর্যন্ত স্কুল চত্বরে সাপটির কোনও সন্ধান মেলেনি। ফলে স্কুলের ভিতরে এখনও সেটি কোথাও লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষক-অভিভাবকদের মধ্যে।


