Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপর হল ধূপগুড়ি মহকুমা প্রশাসন (Dhupguri)। গঠন করা হল টাস্ক ফোর্স। মঙ্গলবার সকাল থেকেই মহকুমা শাসকের নেতৃত্বে ধূপগুড়ি বাজারের বিভিন্ন দোকান ও বাজার এলাকায় শুরু হল অভিযান। অভিযানে ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ,ধূপগুড়ির এসডিপিও অরিন্দম পাল চৌধুরী, বিডিও-সহ প্রশাসনের আধিকারিকরা।

কাঁচা সবজির মূল্যবৃদ্ধি (Dhupguri)
চিনির দাম বৃদ্ধির পাশাপাশি কাঁচা সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও এদিন বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। খুচরো বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও পণ্যের দাম যাচাই করেন আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে পণ্যের দামের মধ্যে কতটা পার্থক্য রয়েছে, তা খতিয়ে দেখা হয়।
প্রশাসনের আধিকারিকরা (Dhupguri)
অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যাতে পণ্য মাপার ক্ষেত্রে কোনও ধরনের কারচুপি না করা হয়। দোকানের নির্ধারিত পরিধি ও জায়গার মাপও যেন সঠিকভাবে মানা হয়, সে বিষয়েও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনা করার জন্যও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন প্রশাসনের আধিকারিকরা।

স্বস্তি দিতে প্রশাসনের তৎপরতা (Dhupguri)
মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা এবং ধূপগুড়ির এসডিপিও অরিন্দম পাল চৌধুরীর নেতৃত্বে সকাল থেকেই চলে এই অভিযান। জেলার অন্যান্য এলাকার মতো ধূপগুড়িতেও বাজারদর নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রশাসনের এই তৎপরতা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Amit Shah: ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্ত নিয়ে বৈঠক, উত্তরবঙ্গে অমিত শাহের বিশেষ নজরে ‘চিকেনস নেক’
পদক্ষেপ নিল না
তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কেন প্রশাসনকে এভাবে সক্রিয় হতে হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, এতদিন ধরে বাজারদর যাচাই বা এই ধরনের অভিযান কেন করা হয়নি? মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষা না করে প্রশাসন আগে থেকেই কেন এই পদক্ষেপ নিল না, তা নিয়েও উঠছে প্রশ্ন।



