Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে আফগানিস্তান (India vs Afganistan)। তবে এই সাদা বলের সিরিজের সম্প্রচার স্বত্ব চলে গিয়েছে একটি পাকিস্তানি সংস্থার হাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ‘ট্রান্সগ্রুপ’ নামক এই সংস্থাকেই সম্প্রচারের দায়িত্ব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর ফলে ভারতের প্রচলিত জনপ্রিয় অ্যাপ ও চ্যানেলগুলিতে এই ম্যাচগুলি সরাসরি দেখতে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আফগানিস্তানের ‘হোম সিরিজ’ (India vs Afganistan)
রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা নিজেদের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করে থাকে। এর আগে ভারতের বিভিন্ন মাঠে আফগানরা খেললেও, গত ২০২৪ সালে নয়ডার স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সময় চরম অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়েছিল রশিদ খানদের। সেই অস্বস্তি কাটিয়ে এবার ফের ভারতের মাটিতে হোম সিরিজ খেলতে নামছে তারা।
সম্ভাব্য সূচি বদল (India vs Afganistan)
প্রাথমিক সূচি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব অনুযায়ী, গণেশ চতুর্থীর কথা মাথায় রেখে ১৩ বা ১৫ সেপ্টেম্বরের একটি ম্যাচ সরিয়ে ১৪ সেপ্টেম্বর করা হতে পারে। যদিও বিসিসিআইয়ের তরফ থেকে এই সূচি বদলের বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি।
আয়োজক আফগান বোর্ড (India vs Afganistan)
এই সিরিজের আয়োজক পুরোপুরি আফগান বোর্ড (India vs Afganistan) হওয়ায় সম্প্রচারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদের হাতেই ছিল। এখন দেখার বিষয়, বিসিসিআই এই পুরো পরিস্থিতি কীভাবে সামাল দেয় এবং ভারতীয় দর্শকরা শেষ পর্যন্ত কোথায় এই ম্যাচগুলি উপভোগ করতে পারবেন।



