Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আবহের মধ্যেই কলকাতার একাধিক পর্যটকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বাড়ছে (Nepal Disaster)। নিখোঁজদের তালিকায় নাম রয়েছে প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। গত ২১ তারিখে একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে নেপালে বেড়াতে গিয়েছিলেন ৬১ বছরের শর্মিষ্ঠা। বুধবার থেকে তাঁর সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর স্বামী শুভ্রাংশু রায়।
নেপাল সফরে গিয়েছিলেন একাই (Nepal Disaster)
পরিবার সূত্রে জানা গিয়েছে, শর্মিষ্ঠা একাই নেপালে গিয়েছিলেন। তাঁর ছেলে ও মেয়ে বর্তমানে শুভ্রাংশু রায়ের সঙ্গেই রয়েছেন। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি নেপাল সফরে যান। কিন্তু সফরের মাঝপথেই আচমকা তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোনে যোগাযোগের চেষ্টা করেও পরিবারের সদস্যরা কোনও সাড়া পাচ্ছেন না।
নিখোঁজ তালিকায় শর্মিষ্ঠার নাম (Nepal Disaster)
শুভ্রাংশু রায় জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর স্ত্রীর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য পরিবারের হাতে এসে পৌঁছয়নি। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে।
আরও এক কলকাতার পর্যটক নিখোঁজ (Nepal Disaster)
শর্মিষ্ঠার পাশাপাশি নেপালে গিয়ে নিখোঁজ হয়েছেন কলকাতার পাটুলির বাসিন্দা ৬১ বছরের অমরনাথ পাল। জানা গিয়েছে, ‘চলো যাই ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস’-এর সঙ্গে তিনি নেপালে গিয়েছিলেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাঁরও কোনও খোঁজ না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: Piyush Goyal Message: বিনিয়োগের নিরাপদ ঠিকানা ভারত : টোকিওতে বার্তা পীযূষ গোয়েলের

পরিবারের অপেক্ষা, বাড়ছে উদ্বেগ
নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও হড়পা বান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে নিখোঁজ পর্যটকদের সন্ধানে প্রশাসনিক তৎপরতার দিকেই তাকিয়ে পরিবারগুলি। শর্মিষ্ঠা ভৌমিক রায় এবং অমরনাথ পালের দ্রুত সন্ধান মিলবে—এই আশাতেই এখন অপেক্ষা করছেন তাঁদের পরিজনেরা।



