Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক: ধূপগুড়ি থেকে আসামগামী জাতীয় সড়কের উপর পাচারের আগেই উদ্ধার করা হল দশটি গরু (Jalpaiguri)। গরুগুলিকে নির্মমভাবে দড়ি দিয়ে হাত-পা ও মুখ একসঙ্গে বেঁধে একটি চারচাকা পিকআপ ভ্যানের ভিতরে রাখা হয়েছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের খোলাই গ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Jalpaiguri)
শুক্রবার ভোরবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। সেই সময় জাতীয় সড়কের উপর একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁরা। গাড়িটির সামনে একটি ছুরি, একটি জামা এবং কিছুটা দূরে জোড়া জুতো পড়ে থাকতে দেখা যায়। কিন্তু গাড়ির চালক বা অন্য কাউকে আশপাশে দেখতে না পাওয়ায় প্রথমে তাঁদের সন্দেহ হয়, সম্ভবত গাড়িটি খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা (Jalpaiguri)
কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর গাড়ির ভিতর থেকে শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় গাড়ির উপর দিয়ে উঁকি দিতেই তাঁদের চোখে পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। গাড়ির ভিতরে দড়ি দিয়ে একসঙ্গে বেঁধে রাখা হয়েছে দশটি বড় আকারের গরু। অভিযোগ, এমনভাবে গরুগুলিকে বেঁধে রাখা হয়েছিল যাতে তারা ঠিকমতো দাঁড়াতেও না পারে এবং বাইরে থেকে গাড়ির ভিতরে গরু রয়েছে, তা বোঝার কোনও উপায় না থাকে।

ঘটনাস্থলে ভিড় (Jalpaiguri)
বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এবং পিকআপ ভ্যানটিও বাজেয়াপ্ত করা হয়। গাড়ির চালক বা মালিকের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
গরু পাচার (Jalpaiguri)
তবে এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, ধূপগুড়ির উপর দিয়ে আসামের দিকে গরু পাচার এখনও অব্যাহত রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তন হলেও পাচারকারীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হয়নি বলেই অভিযোগ তাঁদের।

স্থানীয়দের আরও অভিযোগ (Jalpaiguri)
ধূপগুড়ির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশি পাহারা এবং টহলদারি রয়েছে। জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি এবং সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এর পরেও কীভাবে এতগুলি গরু বোঝাই গাড়ি পুলিশের নজর এড়িয়ে ধূপগুড়ির উপর দিয়ে এগিয়ে আসছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রশ্নও তুলছেন স্থানীয় বাসিন্দারা
কিছুদিন আগে আলিপুরদুয়ারেও গরু পাচার সংক্রান্ত ঘটনার পর এবার ধূপগুড়ি শহর লাগোয়া জাতীয় সড়ক থেকে গরুবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কোথাও কোনও যোগসাজশ রয়েছে কি না, সেই প্রশ্নও তুলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়।

আরও পড়ুন: Nepal China: নেপালে ভয়াবহ হড়পা বান: চিনের দিকে আঙুল, অভিযোগ উড়িয়ে মুখ খুলল বেইজিং
ইতিমধ্যেই উদ্ধার হওয়া দশটি গরুকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে ধূপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি গরুগুলির মালিকানা, গাড়ির মালিক এবং এই পাচারচক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।



