Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হুগলির ধনিয়াখালিতে একই পরিবারের স্বামী, স্ত্রী ও মেয়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Dhaniakhali)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালি থানার সোমসপুর দুলেপাড়া এলাকায় একটি বাড়ির একতলার ঘর থেকে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধনিয়াখালি থানার পুলিশ। পরে দেহগুলি উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে গভীর রহস্য। কী কারণে একই পরিবারের তিন সদস্য এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

মাস তিনেক আগেই বাড়ি ভাড়া নিয়েছিল পরিবার (Dhaniakhali)
স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত পরিবারটি প্রায় তিন মাস আগে ওই দোতলা বাড়ির একতলার একটি ঘর ভাড়া নিয়েছিল। অল্প সময়ের মধ্যেই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক পরিণতি ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। তাঁদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক কেমন ছিল, কোনও পারিবারিক বা আর্থিক সমস্যা ছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ।
দেওয়ালে লেখা ‘সুইসাইড নোট’, রহস্যে ‘রবীন্দ্রনাথ’ (Dhaniakhali)
ঘটনাস্থলে গিয়ে তদন্তকারীরা ঘরের দেওয়ালে লেখা একটি বার্তা দেখতে পান। সেটিকে প্রাথমিকভাবে সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে ওই লেখায় ‘রবীন্দ্রনাথ’-এর নাম উল্লেখ থাকাকে ঘিরে। তিনজনের মৃত্যুর জন্য ওই নামের একজনকে দায়ী করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কে এই রবীন্দ্রনাথ? মৃত পরিবারের সঙ্গে তাঁর কী সম্পর্ক? কেনই বা তাঁর নাম লেখা হল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ।

আত্মহত্যা, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? (Dhaniakhali)
পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনও অজানা। দেওয়ালের লেখাটি আদৌ মৃত পরিবারের কোনও সদস্যের লেখা কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। হাতের লেখা যাচাইসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হতে পারে।
আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্য
ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা
তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। কীভাবে এবং কেন একই পরিবারের তিনজনের মৃত্যু হল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।



