Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ভটভটি ও ডিজেল চালিত লঞ্চের দিন শেষ। গঙ্গায় এবার চলবে পরিবেশবান্ধব জলযান। দেশে প্রথমবারের মতো যাত্রীবাহী ব্যাটারিচালিত আধুনিক ভেসেল তৈরির কাজ শুরু। পরিবেশ দূষণ রোধ এবং জলপথ পরিবহনে আধুনিকতার ছোঁয়া আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। আপাতত দুটি এই ধরনের আধুনিক ভেসেল (Passenger Vessels) তৈরির দরপত্র বা কাজের বরাত তুলে দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর হাতে।
ভেসেলের বৈশিষ্ট্য ও খরচ (Passenger Vessels):
দুটি ব্যাটারিচালিত আধুনিক ভেসেল নির্মাণে খরচ ধরা হয়েছে ৪২ কোটি টাকা (প্রতিটির জন্য প্রায় ২১ কোটি টাকা)। ১০০ জন যাত্রী ধারণক্ষমতা বিশিষ্ট ভেসেলগুলি সম্পূর্ণ দূষণহীন ও শব্দহীন হবে। অত্যাধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারির পাশাপাশি সোলার প্যানেল-যুক্ত জলযানে থাকছে জরুরি ব্যাকআপ ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। আগামী ১৫ মাসের মধ্যে এই পরিবেশবান্ধব দুই ভেসেল (Passenger Vessels) গঙ্গায় যাত্রী পরিবহনের জন্য নামানো হবে বলেও জানা গিয়েছে।
কোথায় চলবে ভেসেল?
বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বারাকপুর, মায়াপুর ও চন্দননগরের মতো ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলোকে জলপথে একসুতোয় বাঁধতে ‘লিটল ইউরোপ বাই দ্য গ্যাঞ্জেস’ করিডোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানেই এই ব্যাটারিচালিত ওয়াটার ট্রান্সপোর্ট ব্যবহার করা হবে। ভবিষ্যতে জলপথে যাত্রীবাহী ভেসেল (Passenger Vessels) ও ওয়াটার ট্যাক্সি চালুর মাধ্যমে দূষণকারী পুরনো ভটভটি ও ডিজেল চালিত লঞ্চের দিন শেষ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Train Cancelled: শনিবার রাত থেকে রবিবার, বাতিল একগুচ্ছ লোকাল
পাশাপাশি, কেন্দ্রের ‘সাস্কি’ (SASKI) প্রকল্পের অধীনে উত্তরবঙ্গের জলদাপাড়ায় ভেঙে যাওয়া দুটি বেলি ব্রিজ পুনর্নির্মাণের দায়িত্বও পেয়েছে জিআরএসই। সব মিলিয়ে সেতু এবং ভেসেল (Passenger Vessels) নির্মাণ প্রকল্প মিলে মোট ৪৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। গঙ্গাকে কেন্দ্র করে দূষণমুক্ত আধুনিক পরিবহণ ব্যবস্থার মাধ্যমে পর্যটনে নতুন জোয়ার আনাই বর্তমান মূল লক্ষ্য।


