Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : বর্তমান যুগের দেখনদারি আর আধুনিকতার চাকচিক্য দূরে সরিয়ে, কেবল আন্তরিকতা ও খাঁটি ঘরোয়া স্বাদের জোরেই সোশ্যাল মিডিয়ায় প্রায় ১০ লাখ মানুষের মন জয় করে নিয়েছিল ‘মা মাসি কিচেন’ (Maa Mashi Kitchen)। নিউ টাউন এলাকার এক ছাপোষা মধ্যবিত্ত ঘরের ছোট্ট একফালি রান্নাঘর থেকে যাত্রা শুরু করে বসু দম্পতি প্রমাণ করেছিলেন, সোশাল মিডিয়া কেবল জেন জি-র নয়।
সাধারণ উপকরণে তৈরি সুস্বাদু পুরনো দিনের পদ, সঙ্গে স্ত্রী শিউলি বসুর মিষ্টি ব্যবহার আর পরম মমতায় স্বামীর পছন্দের খাবার তৈরি—এই নিয়েই গড়ে উঠেছিল তাঁদের ডিজিটাল সংসার। তবে সেই রান্নার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল স্ত্রীর রান্না পরম তৃপ্তি ভরে খেয়ে গৃহকর্তা জ্যোতিপ্রসাদ বসুর পরম তৃপ্তির অমলিন হাসি ও আন্তরিক প্রশংসা। দূরদূরান্তে থাকা অগণিত অনুরাগী তাঁদের ভিডিওর মাঝে যেন নিজের বাড়ির ঠাকুমা-দাদুর স্পর্শ খুঁজে পেতেন।
প্রয়াত জ্যোতিপ্রসাদ বসু (Maa Mashi Kitchen)
তবে রবিবারের সকালে ‘মা মাসি কিচেন’(Maa Mashi Kitchen)-এর অনুরাগীদের জন্য অপেক্ষা করছিল এক হৃদয়বিদারক খবর। দীর্ঘ ৪৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে চিরতরে বিদায় জানিয়েছেন সকলের প্রিয় ‘দাদু’ অর্থাৎ জ্যোতিপ্রসাদ বসু। গত কিছুদিন ধরে পেজে কোনো নতুন ভিডিও না আসায় অনুরাগীদের মনে আশঙ্কা তৈরি হয়েছিল, অবশেষে শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবরটি ভাগ করে নেন শিউলি বসু।
শিউলি বসুর ফেসবুক পোস্ট (Maa Mashi Kitchen)
শিউলি বসু জানান, গত ১৩ অগস্ট চিরদিনের মতো পথচলা থামে জ্যোতিপ্রসাদবাবুর। মানসিক বিপর্যয়ের কারণে খবরটি জানাতে কিছুটা দেরি হয়েছে উল্লেখ করে সুমিতাদেবী ফেসবুকে লেখেন, “সোশ্যাল মিডিয়ায় আমার সমস্ত বন্ধুদের খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত ১৩ অগস্ট আমার ৪৭ বছরের সঙ্গী জ্যোতিপ্রসাদ বসু চিরতরে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। মানসিক বিপর্যয়ের কারণে আপনাদের এই খবরটি জানাতে কিছুটা দেরি হয়ে গেল, কারণ সেই সময়ে জানানোর মতো অবস্থায় আমি ছিলাম না।”
কী হয়েছিল জ্যোতিপ্রসাদ বসুর ?
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গুরুতর সিওপিডি (COPD)-র সমস্যায় ভুগছিলেন জ্যোতিপ্রসাদবাবু। ভিডিওতেও প্রায়শই তাঁকে নাকে অক্সিজেনের নল পরিহিত অবস্থায় দেখা যেত। গত ৭ অগস্ট শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কয়েকদিনের যুদ্ধের পর ১৩ অগস্ট জীবনের লড়াইয়ে হেরে যান তিনি।
আরও পড়ুন : Ranojoy Bishnu: রাতের অন্ধকারে ফেসবুক লাইভ! কোন বিপদের মুখে রণজয়?
শোকের ছায়া নেটদুনিয়ায়
এই আচমকা প্রয়াণের খবরে স্তম্ভিত হয়ে গিয়েছেন পেজের অগণিত ফলোয়ার। সোশ্যাল মিডিয়ার কৃত্রিম জগতের মাঝে এই প্রবীণ দম্পতির নিঃশব্দ ভালোবাসা মানুষকে যে পরম স্বস্তি দিত, তা কমেন্ট বক্সের শোকবার্তাতেই স্পষ্ট। এক অনুরাগী লিখেছেন, “সেই হাসিমাখা মুখ, আপনার রান্না আর পাশে থেকে তাঁর সেই প্রশংসা— আর কোনওদিন শুনতে পাবো না। কিন্তু স্মৃতির ভেতর সেই মানুষটি থেকে যাবেন।” অন্য এক অনুরাগী লিখেছেন, “মেসোমশাইকে যখন আপনি ওর পছন্দের রান্না পরিবেশন করতেন, আর উনি উৎসাহ নিয়ে তা মুখে তুলতেন— ওঁর চোখের আনন্দটা ক্যামেরাতেও স্পষ্ট দেখা যেত। খবরটা শুনে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।”
আরও পড়ুন : Desu 7 Teaser: “এবার ফিরলে একা ফিরব না…” দেবের এক সংলাপেই তুঙ্গে ‘দেশু ৭’-এর উন্মাদনা!
হয়তো আগামীতে ফের রান্নাঘরের ভিডিও আসবে, কিন্তু প্রিয় দাদুর সেই মনভোলানো হাসি আর বাহবা দেওয়ার দৃশ্য আর দেখা যাবে না। স্বামীর প্রিয় পদ রেঁধে তা পরম ভালোবাসায় পরিবেশন করার মধ্য দিয়ে শিউলি বসু ও জ্যোতিপ্রসাদ বসু যে অকৃত্রিম দাম্পত্য প্রেমের নিদর্শন রেখে গিয়েছেন, তা ‘মা মাসি কিচেন’-এর দর্শকদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।


