Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা ও বাঙালির কৃষ্টি-সংস্কৃতিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল (Shubhanakar Sarkar)। বিজেপি সরকারের মদতে বাংলার নিজস্ব সংস্কৃতিকে সুকৌশলে কোণঠাসা করার চেষ্টা চলছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর দাবি, বাংলার বাইরে থেকে বিভিন্ন ‘বাবা’কে এনে তাঁদের সামনে রেখে বাঙালির সংস্কৃতি ও পরিচয়কে আঘাত করা হচ্ছে।
বাগেশ্বর বাবার মন্তব্যে তীব্র প্রতিবাদ (Shubhanakar Sarkar)
সম্প্রতি তথাকথিত বাবা বাগেশ্বরের বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ তুলে শুভঙ্কর সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বাংলা ও বাঙালিকে ‘পাখণ্ডী’ বলে অপমান করা হয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে FIR করার জন্য কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
বিজেপির ‘দ্বিচারিতা’ নিয়ে প্রশ্ন (Shubhanakar Sarkar)
বিজেপির নেতৃত্বের বক্তব্যের মধ্যেও দ্বিচারিতা রয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, একদিকে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন বাঙালি কী খাবেন, তা বাঙালির ব্যক্তিগত বিষয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাইরে থেকে আসা ধর্মীয় ব্যক্তিত্বদের সামনে রেখে বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছেন। এই দুই অবস্থানের মধ্যে স্পষ্ট বৈপরীত্য রয়েছে বলেই দাবি তাঁর।
ইতিহাস বিকৃতির অভিযোগ (Shubhanakar Sarkar)
সাম্প্রদায়িক দাঙ্গার সময় নির্দিষ্ট পদবির মানুষ বাঙালিদের রক্ষা করেছিলেন—শমীক ভট্টাচার্যের এমন মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন শুভঙ্কর সরকার। তাঁর বক্তব্য, বাংলার মাটিতে কোনও সম্প্রদায় বা পদবির মানুষের বিরুদ্ধে বিদ্বেষের জায়গা নেই। কিন্তু এই ধরনের মন্তব্যের মাধ্যমে ইতিহাসকে বিকৃত করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে।
খাদ্য পরীক্ষা নাকি সংস্কৃতিতে আঘাত? (Shubhanakar Sarkar)
রেস্তোরাঁয় খাবারের গুণমান পরীক্ষা করার বিরোধিতা না করলেও বেছে বেছে মাছ, মাংস ও বিরিয়ানি নিয়ে প্রশ্ন তোলার বিরোধিতা করেছে কংগ্রেস। শুভঙ্কর সরকারের অভিযোগ, এটি নিছক খাদ্য পরীক্ষা নয়; এর মাধ্যমে বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতিকেই নিশানা করা হচ্ছে।
আরও পড়ুন: Agnimitra Paul: ডেঙ্গু রুখতে বাগুইআটিতে অগ্নিমিত্রা পল
‘সাংস্কৃতিক প্রতিরোধ’ গড়ার ডাক
SIR এবং আসন্ন কলকাতা পুরসভা নির্বাচন প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেন শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, জনবিন্যাসের নামে বিভাজনের রাজনীতি করে পুরসভা দখলের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে বিজেপির ‘সাংস্কৃতিক বিভাজন’-এর বিরুদ্ধে শুভবুদ্ধিসম্পন্ন সমস্ত মানুষকে একজোট হয়ে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।



