Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠে রান করার মেশিন, আর মাঠের বাইরে ক্রাশদের ডিরেক্টর! ২৭-এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ শুভমন গিল (Shubman Gill)। এককালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে বল লাগাতেন, আর আজ ভারতের টেস্ট ও ওয়ানডে দলের ‘ক্যাপ্টেন সাব’। রোহিত-বিরাটের পর ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয়ের জীবন কিন্তু একেবারে সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়!
ব্যাঙ্ক ব্যালেন্স যেন স্কোরবোর্ডের ছক্কা! (Shubman Gill)
ক্রিকেট খেলে আর কতটুকুই বা পাওয়া যায়, বলুন? বিসিসিআই-এর ‘গ্রেড এ’ কনট্রাক্ট থাকায় বছরে ঝুলিতে আসে স্রেফ ৫ কোটি টাকা! তবে আসল ধামাকা তো আইপিএলে। গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করে এক মরসুমেই পকেটে ঢোকে ১৬.৫ কোটি টাকা। এছাড়া পুমা, সিয়েট, বোটের মতো নামী সংস্থার বিজ্ঞাপন তো আছেই। বিজ্ঞাপনের শ্যুট থেকে বছরে নাকি আরও ৮০-৯০ লাখ খসে পড়ে! আর ইনস্টাগ্রামের ওই যে ২ কোটির ওপর ফ্যান? একটা পোস্ট ঠুকলেই অ্যাকাউন্টে ঢুকে যায় ৮-১০ লাখ টাকা! সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ৪০-৪৫ কোটি টাকা। মানে, প্রিন্সের ব্যাঙ্কের পাসবুক দেখলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।
বাড়ি গাড়ি আর বিলাসিতার পাহাড় (Shubman Gill)
শুধু টাকা থাকলে হয়, শখও তো থাকা চাই! পাঞ্জাবে রয়েছে ৪ কোটি টাকার একখানা চোখ ধাঁধানো ভিলা। আর মুম্বইয়ের জুহুতে? ধবধবে সাদা রঙের এক রাজপ্রাসাদ, যার দাম নাকি প্রায় ২০-২৫ কোটি টাকা! এবার গ্যারেজের কথা বলা যাক। সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ আর কাস্টমাইজড মাহিন্দ্রা থার। হাতে শোভা পায় রোলেক্স বা ট্যাগ হিউয়ারের ঘড়ি। রাজপুত্রের লাইফস্টাইল বলে কথা!
ক্রিকেট থেকে একলাফে স্পাইডার-ম্যান! (Shubman Gill)
শুভমন শুধু ব্যাটার বা ক্যাপ্টেন নন, তিনি রীতিমতো সুপারহিরো! ২০২৩ সালের ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ ছবিতে ভারতীয় স্পাইডার-ম্যান ‘পবিত্র প্রভাকর’-এর হিন্দি ডাবিংয়ে গলা দিয়েছিলেন শুভমন। ক্রিকেটের মাঠ থেকে সোজা জালের দুনিয়ায় ছক্কা হাঁকানো যাকে বলে!

মাঠের বাইরে ‘সারা’ রাজ্য জুড়ে কার প্রেম? (Shubman Gill)
বল হাতে নিয়ে বোলাররা ততটা না ঘামায়, যতটা শুভমনের প্রেমের খবরে পেপারওয়ালারা ঘামান! সোনম বাজওয়ার সঙ্গে একটা টক শো-তে দেখা করতেই চারদিকে ডেটিংয়ের গুঞ্জন। সোনম অবশ্য এক্স-এ (টুইটার) লিখেছিলেন— “সারা কা সারা ঝুট হ্যায়!” আর সেখানেই তো আসল প্যাঁচ! বলটা গিয়ে পড়ল ‘সারা’র কোর্টে।
আরও পড়ুন: Jason Gillespie: পিসিবির বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন গিলেসপি, উঠল একাধিক প্রশ্ন
এখন প্রশ্ন হলো, এই সারা কে? সচিন-কন্যা ‘সারা’ টেন্ডুলকার, যাঁর সঙ্গে শুভমনের কেমিস্ট্রি নিয়ে গসিপ শেষই হতে চায় না? গ্যালারিতে শুভমনের শট দেখে যাঁর হাসি নেটপাড়ার সেরা মেমে কনটেন্ট ছিল? নাকি বলিউড অভিনেত্রী ‘সারা’ আলি খান? এখানেই শেষ নয়, এর পর আবার নাম জুড়ল স্প্যানিশ মডেল মারিয়া আরোয়ো এবং অভিনেত্রী রিধিমা পণ্ডিতের সঙ্গেও! প্রিন্সের হৃদয় ভাঙা-গড়ার খেলায় শুভমন নিজে কিন্তু অল-আউট নট-আউট!
অধিনায়ক হিসেবে এক নতুন সূর্য (Shubman Gill)
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক থেকে ২০১৯-এ জাতীয় দলে এনট্রি (Shubman Gill)। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতে টিম ইন্ডিয়ার পোস্টার বয় তিনি। মাঠের ক্রিকেট হোক কিংবা ব্যাঙ্ক ব্যালেন্স, শুভমন গিলের এই অল-রাউন্ড পারফরম্যান্স সত্যিই দেখার মতো! জন্মদিনে প্রিন্সকে জানাই অনেক অনেক শুভেচ্ছা!



