Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএফএ শিল্ডের আসর বসতে চলেছে আগামী ২১ সেপ্টেম্বর থেকে (IFA Shield)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৬ অক্টোবর পর্যন্ত এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র দিলেও, রাজ্য ফুটবল সংস্থা ৪ অক্টোবরই টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন করার পরিকল্পনা করছে। আগামী ২১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে এই মরশুমের শিল্ডের পর্দা উঠতে চলেছে।
ম্যাচের সম্ভাব্য ভেন্যু (IFA Shield)
ব্রাজিল ম্যাচের কারণে আপাতত যুবভারতী ক্রীড়াঙ্গন পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে গ্রুপ পর্বের ম্যাচগুলি আয়োজনের জন্য বিকল্প ভেন্যু বেছে নিচ্ছে আইএফএ। কলকাতার তিন প্রধান— মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের নিজস্ব মাঠ ছাড়াও বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামে শিল্ডের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
দলগুলির গ্রুপ ভাগ (IFA Shield)
এবারের ছয় দলীয় টুর্নামেন্টে কলকাতার তিন প্রধানের পাশাপাশি অংশগ্রহণ করবে বাইরের তিনটি দল। এর মধ্যে দুটি ইন্ডিয়ান সুপার লিগের দল এবং একটি আই লিগের দল নিশ্চিত করার বিষয়ে আয়োজকরা অনেকটাই এগিয়ে গিয়েছেন। গ্রুপ স্তরে টিকিটের চাহিদা মেটাতে শুরুতেই ডার্বি ম্যাচ করানোর কোনো পরিকল্পনা আইএফএর নেই। মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে রাখা হবে আলাদা দুই গ্রুপে, ফলে টুর্নামেন্টের ক্রীড়াসূচির জন্য কোনও লটারি হবে না।
মোহনবাগান মাঠে উদ্বোধনী ম্যাচ (IFA Shield)
গত মরসুমের শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানকে দিয়েই টুর্নামেন্ট উদ্বোধন করতে আগ্রহী আইএফএ। পরিকল্পনা অনুযায়ী কলকাতার তিন প্রধানই তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি নিজস্ব মাঠে খেলবে। সে ক্ষেত্রে মোহনবাগান মাঠে উদ্বোধনী ম্যাচ আয়োজনের বিষয়ে খুব শীঘ্রই সবুজ-মেরুন কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আইএফএ কর্তারা।
আরও পড়ুন: CFL Super Six Fixture: প্রকাশিত সুপার সিক্সের সূচি! কবে মাঠে নামছে তিন প্রধান?
ফাইনালের দিনক্ষণ (IFA Shield)
টুর্নামেন্টের নকআউট পর্ব তথা মেগা ফাইনাল ম্যাচটি আয়োজনের জন্য বিশেষ দিন বেছে নিতে চাইছে আইএফএ (IFA Shield)। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল ও উরুগুয়ের আন্তর্জাতিক ম্যাচের মাঝের ফাঁকা সময়ে, অর্থাৎ ৪ অক্টোবর শিল্ড ফাইনাল করার চূড়ান্ত ভাবনা রয়েছে আয়োজকদের।



