Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জমি দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের (Abhishek Banerjee PA)। ‘আমরা অনেক সময় এবং সুযোগ দিয়েছিলাম। কিন্তু সুমিত রায় তদন্তে সহযোগিতা করেননি’- পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। সুমিতকে গ্রেফতার করতে আর আইনগত কোনও বাধা রইল না।
আগাম জামিনের আবেদন খারিজ (Abhishek Banerjee PA)
শালবনীতে জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, একাধিকবার সুযোগ দেওয়া হলেও শালবনীতে জমি দুর্নীতি মামলায় সুমিত তদন্তে সহযোগিতা করছেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে সুমিত রায়কে গ্রেফতার করতে আর কোনও আইনগত বাধা রইল না তদন্তকারী সংস্থা সিআইডি বা এসটিএফ-এর।
টাকার উৎস নিয়ে প্রশ্ন (Abhishek Banerjee PA)
বৃহস্পতিবার সুমিতের আগাম জামিনের মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘সুমিতের প্যান নম্বর যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়েছে। যে সময় বাজার থেকে সুমিতের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে, সেই একই সময়ে সমপরিমাণ টাকা একটি রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে।’ বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবী করেছিলেন, সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে খেপে খেপে ১৫ কোটি টাকা জমা পড়েছে। তার মধ্যে গত জুন মাসে জমা পড়েছে ৭১ লক্ষ টাকা। এই টাকার উৎস কী! সেই নিয়ে তদন্তকারী সংস্থা সন্দেহ প্রকাশ করেছিল।
বৃহস্পতিবার মামলার শুনানিতে সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এবং অয়ন ভট্টাচার্য্য আদালতের কাছে দাবি করেন সুমিত তদন্তে সব রকম সহযোগিতা করছেন। তাদের মক্কেল ৮৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। এমনকি এফআইআর-এও সুমিতকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। সুমিতের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে তাঁর ভূমিকা খুবই নগণ্য বলে আদালতে দাবি করেন তাঁর আইনজীবীরা। জিজ্ঞাসাবাদের সময় সুমিতকে অভিযোগ সম্পর্কিত বিষয় প্রশ্ন করা হয়নি বলে অভিযোগ করেছিলেন তার আইনজীবীরা। গত বুধবার শুনানিতে সুমিতকে জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট জমা দেয় রাজ্য। পাল্টা সুমিতের হয়েও এই সংক্রান্ত একটি লিখিত নথি আদালতে জমা দেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের জমা দেওয়া রেকর্ড খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে বলে, ‘আমরা সময় এবং সুযোগ দিয়েছিলাম। কিন্তু সুমিত রায় তদন্তে সহযোগিতা করেননি।’
সুমিতের অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা (Abhishek Banerjee PA)
জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবজ মামলায় গত বুধবার সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তোলে রাজ্য। প্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে অভিযোগ করেন, একাধিক সরকারি জমি অন্য ব্যক্তির নামে মিউটেশন করিয়ে বিক্রি করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে সুমিতের। তদন্তে জমির দালালরা সুমিতের নাম বলেছেন। বিভিন্ন সময়ে খেপে খেপে সুমিত তাঁর অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা জমা করেছেন। ব্যাঙ্কের সেই স্লিপও আছে বলে আদালতে দাবি করেন সলিসিটর জেনারেল।
পদবীর ইংরেজি বানান আলাদা (Abhishek Banerjee PA)
বুধবারের শুনানিতে তুষার মেহতা আদালতে দাবি করে, সুমিত রায়ের বিভিন্ন নথিতে তাঁর পদবীর ইংরেজি বানান আলাদা আলাদা। তিনি দাবি করেন সুমিতের ব্যাঙ্কের নথিতে ‘রায়’ বানান লেখা আছে ROY, আবার কোথাও লেখা আছে RAY। সলিসিটর জেনারেল অভিযোগ করেন, পদবীর দুই রকম বানান দেখিয়ে সুমির দাবি করছেন দুই ব্যক্তি এক নয়। এই অজুহাতে তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সুমিত। সেই কারণে সুমিতকে হেফাজতে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের আবেদন জানান তিনি।
আরও পড়ুন: Kalighat Trinamool: লক্ষ্মীবারে নতুন ঘর পেলেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়করা
গত শুনানিতে সলিসিটর জেনারেল আরও অভিযোগ করেছেন, ব্যাঙ্ক ও প্যান কার্ডে দেখা গিয়েছে RAY ও ROY একই ব্যক্তি। গত শুনানিতে সুমিতের আইনজীবী অভিযোগ করেছিলেন, যে বিষয়ে অভিযোগ, সেই বিষয় সংক্রান্ত কোনও প্রশ্ন নাকি জিজ্ঞাসাবাদের সময় করা হচ্ছে না তাঁকে। তার জন্য সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদে ট্রান্সক্রিপ্ট তলব করেছিল। সেই পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট আদালতে জমা দিয়ে সুমিতের আইনজীবীর দাবি নস্যাৎ করে দেন তুষার মেহতা। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিংও আদালতে জমা দিতে তাঁরা প্রস্তুত বলে জানান তুষার মেহতা।
সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে দাবি করেন, সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে, তা দলের সদস্যদের মেম্বারশিপের টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক হওয়ার জন্যই সুমিত রায়কে টার্গেট করা হচ্ছে বলে আদালতে অভিযোগ করেন তাঁর আইনজীবী। সুপ্রিম কোর্টের এদিকে নির্দেশের ফলে সুমিতকে গ্রেফতার করতে আর আইনগত কোনও বাধা রইল না।



