Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: আবারও বিতর্কে সুরেন্দ্রনাথ আইন কলেজ (Surendranath College)। উপস্থিতির হার নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হবার পরেই চরম বিক্ষোভ প্রকাশ করছিল পড়ুয়ারা। এরপরই ভাইস প্রিন্সিপাল মহম্মদ তারান্নুমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার রাতভর তাঁকে আটকে বিক্ষোভ চালায় ছাত্র-ছাত্রীরা। শুক্রবার দুপুরে পদত্যাগ করেন তিনি।
ছাত্র-ছাত্রীদের সমস্যা (Surendranath College)
দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের (Surendranath College) জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। ফর্মফিলাপের শেষ দিন শুক্রবার। আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ, উপস্থিতির হার ৭৫% এর কম থাকায় একটি বড় অংশের শিক্ষার্থী সমস্যায় পড়েছেন। অন্যদিকে, ভাইস প্রিন্সিপাল জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছিলেন ভিপি।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ (Surendranath College)
বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজে নিয়মিত ক্লাস নেওয়া হয়না। ছ’মাসে হয়েছে গুটিকয়েক ক্লাস। পাশাপাশি, অভিযোগ উঠেছে হাজিরা নেওয়া নিয়েও। তাদের দাবি, কোনও নির্দিষ্ট রেজিস্টার ছিল না কলেজের। কখনও চিরকুট কখনও আবার হোয়াটসঅ্যাপে নেওয়া হত হাজিরা। কলেজে এসে জানা যেত ক্লাস হয়ে গেছে বা ক্লাস বাতিল হয়েছে। ভাইস প্রিন্সিপাল নিজেও নিয়মিত আসতেন না কলেজে বলে অভিযোগ পড়ুয়াদের।
Surendranath College: আবারও বিতর্কে সুরেন্দ্রনাথ কলেজ, ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবি পড়ুয়াদের
পড়ুয়াদের হেনস্থা
এর আগেও তৃণমূল জমানায় দুর্নীতিতে সুরেন্দ্রনাথ আইন কলেজের নাম উঠে এসেছিল সংবাদ শিরোনামে। মদের বোতল, আগ্নেয়াস্ত্র এবং কন্ডোমের মতো জিনিস উদ্ধার হয়েছিল কলেজের ইউনিয়ন রুম থেকে। ছাত্র-ছাত্রীদের দাবি, তারা রীতিমত ভয় পেতেন কলেজে আসতে। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তাদের জোর করে মিছিলে নিয়ে যেত। যারা যেতে চাইত না, তাদের অফিসরুমে গিয়ে কলার ধরে হেনস্তা করারও অভিযোগ উঠেছিল।


