Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এ জয়ের ধারা অব্যাহত রাখল ভারত (U15 World Cup)। রুদ্ধশ্বাস ম্যাচে বাহরিনকে ৪-৩ গোলে হারিয়ে নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। গোলের লড়াই, নাটকীয় প্রত্যাবর্তন এবং শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা—সব মিলিয়ে ম্যাচটি হয়ে উঠেছিল উপভোগ্য। এবার সেনেগালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ব্লু কোল্টস। সেই ম্যাচে ড্র করলেই পরের পর্বে পৌঁছে যাবে ভারত।
প্রথমার্ধে ভারতের দাপট (U15 World Cup)
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে গোলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে এগিয়ে যায় ভারত। ম্যাকডনিশ এনগাইরাংবামের গোলে প্রথম লিড পায় ব্লু কোল্টস। এরপর ১৯ মিনিটে আর. লালরেমরুয়াতফেলার গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ভারতীয় দল।
দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন বাহরিনের (U15 World Cup)
দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য চেহারায় দেখা যায় বাহরিনকে। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে তারা। ২৮ মিনিটে ব্যবধান কমায় বাহরিন। তার ঠিক পরের মিনিটেই আরও একটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে তারা। মুহূর্তের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতকে চাপে ফেলে দেয় বাহরিন। ম্যাচের উত্তেজনাও বেড়ে যায় কয়েক গুণ।
এগিয়ে ভারত (U15 World Cup)
সমতা ফেরার পর দ্রুত ঘুরে দাঁড়ায় ভারত। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ফের এগিয়ে দেন লালরেমরুয়াতফেলা। এর ঠিক পরের মিনিটেই আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় ব্লু কোল্টস। পরপর দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নিয়ে নেয় ভারতীয় দল।
শেষ হাসি ভারতের (U15 World Cup)
ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে লড়াইয়ে ফেরার চেষ্টা করে বাহরিন। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় ছিল। তবে শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত অনূর্ধ্ব-১৫ দল। কঠিন পরিস্থিতিতে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতার মাধ্যমে নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিলেন তরুণ ভারতীয় ফুটবলাররা।
আরও পড়ুন: Rohit Sharma: অলস নন রোহিত, ফিটনেস বিতর্কে মুখ খুললেন প্রাক্তন কোচ
সেনেগাল ম্যাচেই পরের পর্বের ভাগ্য (U15 World Cup)
এর আগে ক্যামেরুনকে হারিয়েছিল ভারত এবং গ্রেনাডার বিরুদ্ধে ড্র করেছিল ব্লু কোল্টস (U15 World Cup)। বাহরিনের বিরুদ্ধে এই জয়ের পর এবার সেনেগালের মুখোমুখি হওয়ার অপেক্ষা। সেই ম্যাচে ড্র করতে পারলেই পরের পর্বে পৌঁছে যাবে ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল। ফলে সেনেগালের বিরুদ্ধে ম্যাচটি এখন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



