Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি (Mallikarjun Kharge)। বিহারের পটনায় একটি অনুষ্ঠানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে খাড়গে প্রধানমন্ত্রীকে নিশানা করে ‘মোদির বাপও যাবে’ মন্তব্য করেছেন বলে অভিযোগ। সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি। কলকাতাতেও পথে নেমে প্রতিবাদ জানিয়েছে গেরুয়া শিবির।
কলকাতার রাস্তায় বিজেপির বিক্ষোভ (Mallikarjun Kharge)
খাড়গের মন্তব্যের প্রতিবাদে কলকাতায় আয়োজিত কর্মসূচিতে বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ এবং একাধিক বিজেপি বিধায়ক। বিক্ষোভ থেকে কংগ্রেস সভাপতির পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। বিজেপির বক্তব্য, রাজনৈতিক মতবিরোধ গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের ভাষা রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছে।
খাড়গেকে নিশানা বিজেপির শীর্ষ নেতৃত্বের (Mallikarjun Kharge)
এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক বিজেপি নেতা খাড়গের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বিজেপির অভিযোগ, একজন জাতীয় রাজনৈতিক দলের সভাপতি হিসেবে খাড়গের কাছ থেকে আরও দায়িত্বশীল ও সংযত বক্তব্য প্রত্যাশিত। একইসঙ্গে এই মন্তব্যের বিরুদ্ধে আইনি অভিযোগের বিষয়টিও সামনে এসেছে। বিজেপির দাবি, ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।
পাল্টা সুর কংগ্রেসের (Mallikarjun Kharge)
অন্যদিকে খাড়গের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে কংগ্রেস নেতৃত্বের দাবি, তাঁর মন্তব্যকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে দেখানো হচ্ছে। SIR নিয়ে বিরোধীদের অভিযোগ এবং রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই খাড়গে বক্তব্য রেখেছিলেন বলে কংগ্রেসের দাবি। বিজেপিও অতীতে বিরোধী নেতাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছে—এই অভিযোগ তুলে দ্বৈত মানদণ্ডের প্রশ্ন তুলেছে হাত শিবির।
আরও পড়ুন: Bank Fraud: নিয়মমাফিক লেনদেনের আড়ালে কোটি কোটি টাকা উধাও! সেন্ট্রাল ব্যাঙ্কে চাঞ্চল্যকর কাণ্ড
বিতর্কে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
এই ঘটনায় অন্য বিরোধী দলগুলিও প্রতিক্রিয়া জানিয়েছে। RJD সাংসদ মনোজ ঝা মন্তব্যের ভাষা নিয়ে আপত্তি জানালেও রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে বিভিন্ন দলের জন্য একই মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন।



