Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিন দিন সোনার দাম যেভাবে বাড়ছে, তাতে গয়না কেনার ক্ষেত্রে অনেকের ভাবনাতেই পরিবর্তন এসেছে (Trimaya)। একসময় গয়না মানেই ছিল সোনা বা কোনও দামি ধাতু। কিন্তু এখন সেই ধারণার পাশাপাশি জায়গা করে নিচ্ছে হাতে তৈরি কাপড়, মাটি ও ক্লে-এর গয়না। কারণ আধুনিক ক্রেতা শুধু গয়নার দাম দেখছেন না, তার মধ্যে নিজের ব্যক্তিত্ব, রুচি এবং স্বকীয়তার ছাপও খুঁজছেন। হাতে তৈরি গয়নার সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই—প্রতিটি গয়নার সঙ্গে জড়িয়ে থাকে একজন মানুষের সময়, শ্রম, সৃজনশীলতা এবং ভালোবাসা। একই নকশা হলেও হাতের কাজের কারণে প্রতিটি পিসে থেকে যায় আলাদা একটি নিজস্বতা।

ভালো লাগা থেকেই শুরু পথচলা (Trimaya)
এই কাজের সঙ্গে প্রায় চার বছর ধরে যুক্ত উদ্যোক্তা। শুরুটা অবশ্য কোনও বড় পরিকল্পনা নিয়ে হয়নি। নিজের ভালো লাগা, নতুন কিছু করার ইচ্ছা এবং হাতে কিছু তৈরি করার আগ্রহ থেকেই শুরু হয়েছিল পথচলা। প্রথমে পরিচিতদের জন্য গয়না তৈরি করতেন। ধীরে ধীরে মানুষের প্রশংসা ও উৎসাহ তাঁকে আরও এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দেয়। সেই ছোট পরিসরের কাজই পরবর্তীতে রূপ নেয় ব্যবসায়, শুরু হয় Trimaya-র পথচলা।

সংসারের দায়িত্বের মাঝেও নিজের স্বপ্ন (Trimaya)
তবে এই কাজ তাঁর কাছে শুধুমাত্র ব্যবসা নয়, বরং নিজের একটি পরিচয় তৈরি করার জায়গা। একজন গৃহবধূ হিসেবে সংসার, পরিবার ও ঘরের নানা দায়িত্ব সামলে নিজের কাজের জন্য সময় বের করা সহজ নয়। অনেক সময় দিনের সমস্ত কাজ শেষ করে, সবাইকে সামলে রাতের দিকে নিজের সৃষ্টিশীল কাজ নিয়ে বসতে হয়। সব দিন পরিকল্পনা অনুযায়ী কাটে না। তবু নিজের ভালো লাগার কাজটিকে গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যেও এগিয়ে চলার চেষ্টা অব্যাহত থাকে।
নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াই (Trimaya)
সংসারের দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন নারীর পরিচয় শুধু সংসার কিংবা পারিবারিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁরও নিজস্ব ইচ্ছে, ভালো লাগা, সৃজনশীলতা এবং স্বপ্ন রয়েছে। হাতে তৈরি প্রতিটি গয়না তাই তাঁর কাছে শুধু একটি পণ্য নয়, এটি আত্মনির্ভরতার গল্প। প্রতিটি অর্ডার, নতুন ডিজাইন এবং ক্রেতার ভালোবাসা তাঁকে আরও এগিয়ে যাওয়ার সাহস দেয়।

আরও পড়ুন: Nabanna: মানা হচ্ছে না অগ্নি সুরক্ষা বিধি, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নির্দেশ নবান্নের
সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে হাতে তৈরি গয়নার চাহিদা বাড়লেও, তার মূল্য শুধুমাত্র সোনার বিকল্প হিসেবে নয়। একটি গয়নার আসল সৌন্দর্য তার উপকরণের দামে নয়, বরং তার মধ্যে থাকা সৃজনশীলতা, শ্রম, সময় এবং ভালোবাসায়। আর সেই জায়গাতেই নিজের স্বপ্নকে ছুঁয়ে এগিয়ে চলেছে “Trimaya”।



