Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ (King Movie) ঘিরে অনুরাগীদের কৌতূহল ক্রমেই বাড়ছে। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, নানা কারণে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে। তবে সেই সম্ভাবনা আপাতত উড়িয়ে দিলেন খোদ শাহরুখ খান। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অভিনেতা স্পষ্ট করে জানিয়েছেন, ‘কিং’ নির্ধারিত সময়েই দর্শকদের সামনে আসবে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
ছবির ঝলক আসবে কখন? (King Movie)
এক অনুরাগী শাহরুখকে (King Movie) ছবিটির বিষয়ে নতুন কোনও খবর জানানোর অনুরোধ করেন। দীর্ঘ অপেক্ষার কথা উল্লেখ করে তিনি ছবির একটি ঝলক দেখানোরও আবেদন জানান। তারই উত্তরে শাহরুখ জানান, আর বেশি অপেক্ষা করতে হবে না। দর্শকদের জন্য পছন্দসই একটি ছবি তৈরি করতে যথেষ্ট পরিশ্রম চলছে এবং ২৪ ডিসেম্বরের আগেই ছবির নানা ঝলক সামনে আসবে।
তবে ছবির শুটিংয়ের পথ খুব একটা মসৃণ ছিল না। কাজ চলাকালীন একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। এর ফলে কয়েক দফায় শুটিং স্থগিত রাখতে হয়েছিল। অভিনেতার দাবি, বর্তমানে তাঁর সব চোট সেরে গিয়েছে এবং ছবির কাজও প্রায় শেষের দিকে। ফলে খুব শীঘ্রই ভক্তদের দেখা দিতে বড় পর্দায় আসছেন কিং খান।


