Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: তিন বছর পর অবশেষে দেশের মাটিতে ফিরতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম (IPL Auction)। শেষবার ২০২৩ সালে কেরলে বসেছিল এই কোটি টাকার লিগের নিলাম পর্ব। এরপর টানা তিন সংস্করণে দুবাই, জেড্ডা এবং আবু ধাবিতে আয়োজিত হয়েছিল যথাক্রমে মেগা ও মিনি নিলাম। গত বছর ডিসেম্বরে আবু ধাবিতে একদিনের মিনি নিলামে দেখা গিয়েছিল টাকার বৃষ্টি। তবে মঙ্গলবারের আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আসন্ন মিনি নিলাম ভারতেই অনুষ্ঠিত হবে।
নেপথ্যে ফ্র্যাঞ্চাইজিদের সমস্যা (IPL Auction)
দেশের বাইরে নিলাম আয়োজন করা নিয়ে একাধিক সমস্যা হচ্ছিল বলে বিসিসিআই-কে জানায় ফ্র্যাঞ্চাইজিগুলি। ব্যস্ত মরশুমে সফর করা, বিদেশে পুরো পরিচালন ব্যবস্থা সামলানো, যাতায়াত এবং অতিরিক্ত খরচের মতো একাধিক বিষয় নিয়ে আপত্তি তোলেন মালিকপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলির এই দাবির কথা মাথায় রেখেই নিলাম ফের ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল।
বিয়ের মরসুম বাধা (IPL Auction)
নিলাম ভারতে হওয়া চূড়ান্ত হলেও কবে এবং কোথায় এই আসর বসবে, তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মরশুম চলায় পাঁচতারা হোটেল পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। বিসিসিআই-এর হিসাব অনুযায়ী, এই মিনি নিলামের জন্য অন্তত দু’রাতের জন্য ১০০টিরও বেশি ঘরের প্রয়োজন। উপযুক্ত হোটেলের নিশ্চয়তা মিললেই স্থান ও দিনক্ষণ চূড়ান্ত করে ঘোষণা করবে বোর্ড। তবে আগামী বছর মেগা নিলাম ফের বিদেশের মাটিতেই আয়োজন করা হবে।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (IPL Auction)
নিলামের স্থান ছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে (IPL Auction)। লিগে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম বহাল থাকবে কি না, তা মঙ্গলবারের বৈঠকে স্পষ্ট করা হয়নি। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়মের বিরোধিতা করলেও আগামী বছর এই নিয়ম থাকছে বলে জানা গিয়েছে। আগামী এক মাসের মধ্যে গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায় ফ্র্যাঞ্চাইজিদের মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



