Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুম কাটতে না কাটতেই ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। নভেম্বরের প্রথম দিন থেকেই বাড়ানো হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price)। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১৭ টাকা বেড়ে হয়েছে ২৯৭১ টাকা। ফলে কালীপুজোর আগে হোটেল, রেস্তরাঁ থেকে শুরু করে ছোট খাবারের ব্যবসায়ীদের খরচ আরও বাড়ল। তবে আপাতত স্বস্তি রয়েছে গৃহস্থের জন্য। ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
পর পর তিন মাস বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Price)
বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির এই প্রবণতা নতুন নয়। গত সেপ্টেম্বর মাসে ১৯ কেজির সিলিন্ডারের দাম প্রায় ১০ টাকা বাড়ানো হয়েছিল। এরপর অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় এক ধাক্কায় প্রায় ৭০ টাকা দাম বাড়ে। সেই রেশ কাটতে না কাটতেই নভেম্বরের শুরুতে ফের মূল্যবৃদ্ধি। অর্থাৎ পর পর তিন মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী।
কলকাতায় ২৯৭১ টাকা, বাড়ছে ব্যবসায়ীদের খরচ (LPG Price)
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং সংস্থা এবং বিভিন্ন খাবারের দোকানে ব্যবহৃত হয়। ফলে সিলিন্ডারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রান্নার খরচও বেড়ে যায়। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ সামলানো আরও কঠিন। ব্যবসায়ীরা সেই বাড়তি খরচের কিছুটা খাবারের দামে চাপিয়ে দিলে সাধারণ ক্রেতার পকেটেও তার প্রভাব পড়তে পারে।
ঘরোয়া গ্যাসে আপাতত স্বস্তি (LPG Price)
বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম আপাতত বাড়ানো হয়নি। কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকা দামে পাওয়া যাচ্ছে। ফলে সরাসরি রান্নার গ্যাসের ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের উপর নতুন করে বাড়তি চাপ পড়ছে না।
দিল্লি-মুম্বই-চেন্নাইতেও বাড়ল দাম (LPG Price)
শুধু কলকাতা নয়, দেশের একাধিক বড় শহরেও বেড়েছে বাণিজ্যিক এলপিজির দাম। দিল্লিতে ১০ টাকা বেড়ে ১৯ কেজির সিলিন্ডারের দাম হয়েছে ২৮২০ টাকা। মুম্বইয়ে দাম দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ২৯৯৪ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: North Bengal: ভুটানের বিপর্যয়ের প্রভাব সংকোশে, মরা মাছ ঘিরে আতঙ্ক
গ্যাসের পাশাপাশি বাড়ল বিমানের জ্বালানির দামও
নভেম্বরের শুরুতে শুধু বাণিজ্যিক গ্যাস নয়, বাড়ানো হয়েছে এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফের দামও। প্রতি লিটারে ১ টাকা ৩৭ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ১৩৮ টাকা ৫০ পয়সা। ফলে বিমান সংস্থাগুলির পরিচালন খরচেও নতুন চাপ তৈরি হতে পারে।



