Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের ফাইনালে হারের সেই কঠিন মানসিক ধাক্কা কাটিয়ে উঠে ফের নিজের সেরা ছন্দে ফিরলেন লিয়োনেল মেসি (Inter Miami vs Cruz Azul)। দেশকে পর পর দু’বার বিশ্বজয়ী করার স্বপ্ন ভাঙলেও ক্লাব ফুটবলে তাঁর ট্রফি জয়ের অশ্বমেধের ঘোড়া ছোটাই অব্যাহত। মেক্সিকোর তারকা ক্লাব ক্রুজ আজুলকে হারিয়ে ইন্টার মায়ামিকে প্রথমবারের জন্য এনে দিলেন ঐতিহ্যবাহী ‘কাম্পিয়োনেস কাপ’। এই ম্যাচে নিজে যেমন গোল করলেন, তেমনই সতীর্থকে দিয়ে গোল করিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আর্জেন্টাইন জাদুকর।
ইন্টার মায়ামিতে মেসির ট্রফি পঞ্চক (Inter Miami vs Cruz Azul)
ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে এটি মেসির চতুর্থ মরসুম। আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ক্লাবকে পাঁচটি বড় ট্রফি উপহার দিয়েছেন তিনি। ২০২৩ সালে যোগ দেওয়ার পরপরই জেতেন লিগস কাপ। এরপর ২০২৪ সালে এমএলএস সাপোর্টার্স শিল্ড, ২০২৫ সালে ইস্টার্ন কনফারেন্স টাইটেল এবং এমএলএস কাপ ঘরে তোলে মায়ামি। এবার কাম্পিয়োনেস কাপ জিতে নিজের ট্রফি ক্যাবিনেট আরও সমৃদ্ধ করলেন মেসি।
সুয়ারেস-মেসি রসায়ন (Inter Miami vs Cruz Azul)
আমেরিকার মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগ চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত এই মহারণে ম্যাচের ২৪ মিনিটের মাথায় চোখধাঁধানো এক হেডে মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুইস সুয়ারেসের দারুণ এক পাস থেকে বল জালে জড়িয়েছিলেন মেসি, তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ম্যাচের ৬৭ মিনিটে আজুলের গ্যাব্রিয়েল ফের্নান্দেজ়ের হেড পোস্টে লেগে না ফিরলে সমতায় ফিরতে পারত মেক্সিকোর ক্লাবটি। তবে ৮১ মিনিটে মেসির মাপা কর্নার থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান ২-০ করেন ব্রাজিলের তারকা ক্যাসেমিরো, যা মায়ামির জয় সুনিশ্চিত করে।
ট্রফি প্রত্যাবর্তনের ইতিহাস (Inter Miami vs Cruz Azul)
আর্জেন্টিনীয় কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেজ ইন্টার মায়ামির দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। ভিসা জটিলতা কাটিয়ে চলতি সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেওয়া এই কোচের অভিষেক ম্যাচটিই স্মরণীয় হয়ে থাকল ট্রফি জয়ের মাধ্যমে। এর আগে গত তিন বার এই ট্রফি জিতেছিল মেক্সিকোর দলগুলি, এমনকি ২০২১ সালের ফাইনালেও ক্রুজ আজুল হেরেছিল। তবে এবার মায়ামির এই ঐতিহাসিক জয়ে ট্রফি ফিরল আমেরিকার মাটিতে।
আরও পড়ুন: East Bengal ACL 2: মরুঝড়ের দেশে লাল-হলুদের বীরত্ব, অপরাজিত লড়াইয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল
মায়ামির জার্সিতে গোলের ‘সেঞ্চুরি‘ (Inter Miami vs Cruz Azul)
এই ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গেই ইন্টার মায়ামির হয়ে গোলের ‘সেঞ্চুরি’ বা ১০০টি গোল পূরণ করলেন লিয়োনেল মেসি (Inter Miami vs Cruz Azul)। মেজর লিগ সকারের ইতিহাসেও এটি কোনও ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড। মায়ামির হয়ে এ পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১০০, পাশাপাশি তিনি ৫৫টি গোল করিয়েছেন। অর্থাৎ, আমেরিকার এই ক্লাবের হয়ে মাত্র ১১৪ ম্যাচে অবিশ্বাস্য ১৫৫টি গোলে সরাসরি অবদান রেখে নতুন এক উচ্চতায় পৌঁছালেন এলএমটেন।



