Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৩ সালের ভয়াবহ গোষ্ঠী সংঘাতের ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি (Manipur Violence)। তার মধ্যেই বছরতিনেক পর ফের অশান্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। গত কয়েকদিন ধরে নতুন করে হিংসার ঘটনা সামনে আসছে। শনিবার রাতে রাজ্যে গুলির লড়াইয়ে অন্তত তিনজনের মৃত্যুর খবর ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
নাগা-কুকি সংঘর্ষে তিন প্রাণহানি? (Manipur Violence)
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ নাগা অধ্যুষিত রংমেই জেলার তাজেইকাইফুন গ্রামে গুলির ঘটনা ঘটে। অভিযোগ, নাগা গোষ্ঠীর সঙ্গে গুলির লড়াইয়ে কুকি-জো সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয়েছে। যদিও ঘটনার পূর্ণাঙ্গ কারণ এবং কারা সরাসরি হামলা চালিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কুকি অধ্যুষিত এলাকাগুলিতে। কুকি সংগঠন কুকি ইনপি মণিপুরের অভিযোগ, কোনওরকম উসকানি ছাড়াই কুকিদের উপর হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, কুকি অধ্যুষিত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না এবং পরিকল্পিতভাবে তাঁদের নিরাপত্তাহীনতার মধ্যে রাখা হচ্ছে।
ইম্ফলে মেতেই-নাগাদের বিশাল মিছিল (Manipur Violence)
অন্যদিকে শনিবারই মণিপুরের রাজধানী ইম্ফলে মেতেই এবং নাগা সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বড় মিছিল বের করা হয়। মিছিলকারীদের অভিযোগ, কুকি-জো সম্প্রদায়কে সামনে রেখে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশাল জমায়েতের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় ইম্ফলের জনজীবন।
তবে মিছিলের কয়েক ঘণ্টা আগেই তাজেইকাইফুনে গুলির ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে। ফলে একই দিনে একাধিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কাঠ কুড়োতে গিয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু (Manipur Violence)
এর আগেও ইম্ফল ইস্ট ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী খোংবাল সুনুরোক উয়োক এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, জঙ্গলে কাঠ কুড়োতে যাওয়া ১৬ জন গ্রামবাসীর উপর পাহাড় থেকে নেমে এসে এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ঘটনায় দু’জনের মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাংলোর গেটের সামনে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
আরও পড়ুন: North Bengal: ভুটানের বিপর্যয়ের প্রভাব সংকোশে, মরা মাছ ঘিরে আতঙ্ক
প্রধানমন্ত্রীর দ্বারস্থ মুখ্যমন্ত্রী
নতুন করে হিংসা ছড়িয়ে পড়তেই মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করেছেন। সূত্রের খবর, রাজ্যে শান্তি ফেরাতে মণিপুর সরকারকে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।



