Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ টাউনে স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগের পথে আদানি গোষ্ঠী (Adani Group) । বৃহস্পতিবার প্রস্তাবিত ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৫২ একর জমির উপরে গড়ে উঠতে চলা এই হাসপাতাল প্রকল্পে প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে।
২ হাজার বেড, অর্ধেকই দরিদ্রদের জন্য (Adani Group)
প্রস্তাবিত হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে চলেছে এর বিপুল শয্যাসংখ্যা। মোট ২,০০০টি বেড রাখার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এর মধ্যে ১,০০০টি বেড দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে। এই বেডগুলিতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। বাকি ১,০০০টি বেড বাণিজ্যিক পরিষেবার আওতায় থাকবে।

মায়ো ক্লিনিকের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা (Adani Group)
হাসপাতালটিকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এদিনের অনুষ্ঠানে আমেরিকার বিখ্যাত মায়ো ক্লিনিকের সঙ্গে যুক্ত হয়ে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। ফলে চিকিৎসা পরিষেবার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত চিকিৎসা পরিকাঠামো তৈরির প্রত্যাশাও তৈরি হয়েছে।
শুধু হাসপাতাল নয়, প্রস্তাবিত ‘হেলথ সিটি’ (Adani Group)
নিউ টাউনে আদানি গোষ্ঠীর পরিকল্পনা শুধুমাত্র হাসপাতাল তৈরিতেই সীমাবদ্ধ নয়। বৃহত্তর স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাবও রয়েছে। এর আগে নিউ টাউনে আদানি গোষ্ঠীর ‘হেলথ সিটি’ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। ফলে এই প্রকল্পকে ঘিরে ভবিষ্যতে আরও বিস্তৃত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

গৌতম আদানির ঠাসা কর্মসূচি
বৃহস্পতিবার সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দেন গৌতম আদানি। এরপর তিনি নিউ টাউনে পৌঁছে হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন। দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বিনিয়োগ ও শিল্প প্রকল্প নিয়েও বৈঠক হতে পারে। ফলে হাসপাতাল প্রকল্পের পাশাপাশি বাংলায় আদানি গোষ্ঠীর ভবিষ্যৎ বিনিয়োগ নিয়েও নজর রয়েছে।



