Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে টিআরপির শীর্ষে রাজত্ব করছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। রিয়্যালিটি শোয়ের অন্দরে বিতর্ক আর উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাজবীর দে-র সঙ্গে নন্দিনীর জটিল ও চর্চিত প্রেম-অপ্রেমের সমীকরণ নিয়েও কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। এই আবহে নতুন রহস্যময়ীর এন্ট্রি।
এন্ট্রি নিচ্ছেন স্প্লিটসভিলা-খ্যাত ‘ক্যুইন’
ঘরের খেলা ও সমীকরণে একেবারে নতুন টুইস্ট আনতে পা রাখতে চলেছেন এক রহস্যময়ী সুন্দরী। তবে তিনি টলিউডের পরিচিত গণ্ডির কেউ নন, বরং টলিউডের বাইরে থেকেই আসছে এই নয়া ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী। বিনোদন জগতের খবর, এমটিভি-র অতি জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’ (Splitsvilla) খ্যাত স্বঘোষিত ‘ক্যুইন’ অনুষ্কা ঘোষই এবার পদার্পণ করতে চলেছেন ‘বিগ বস’-এর (Bigg Boss Bangla) ঘরে। তাঁর আগমন ঘিরে ইতিমধ্যেই জল্পনা আকাশ ছুঁয়েছে।
গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ অনুষ্কা ঘোষ (Anushka Ghosh) নিজের কেরিয়ার শুরু করেছিলেন ‘মিস ওড়িশা’ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। কলকাতার আশুতোষ কলেজের প্রাক্তন ছাত্রী পরবর্তীকালে ফ্যাশন, মডেলিং এবং রিয়্যালিটি শোয়ের দুনিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন। নিজের স্পষ্টভাষী স্বভাব, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং স্ট্র্যাটেজিক গেমপ্ল্যানের জন্য ‘স্প্লিটসভিলা’য় আসমুদ্রহিমাচলের নজর কাড়েন তিনি।

‘বিগ বস’-এর ঘরে ইতিমধ্যেই সাড়া ফেলা প্রতিযোগী রাজবীর দে-ও ছিলেন জনপ্রিয় শো ‘রোডিজ’-এর সদস্য, যিনি ঢুকেই নিজের প্রভাব বিস্তার করেছিলেন। তাই রাজবীরের পর এবার আর এক রিয়্যালিটি শো (Bigg Boss Bangla) তারকা অনুষ্কার প্রবেশে ঘরের পরিস্থিতি কোন রূপ নেয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
আরও পড়ুন: RG Kar Case: আরজি কর মামলায় ফের বিস্ফোরক দাবি নির্যাতিতার মায়ের
প্রতি সপ্তাহের শেষে শনিবার মানেই ‘বিগ বস বাংলা’র মঞ্চে বিশেষ পর্ব ‘দাদার দরবার’। সঞ্চালক মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এই রাজকীয় পর্বে প্রতিবারই দর্শক ও প্রতিযোগীদের জন্য অপেক্ষা করে থাকে নানা চমক। আগামী শনিবারের বিশেষ পর্বেই ধামাকাদার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে অনুষ্কার।
রাজবীর-নন্দিনীর সমীকরণ পাল্টাবে? (Bigg Boss Bangla)
কিন্তু প্রশ্ন উঠছে, অনুষ্কার আগমনে ঘরের অন্দরের সমীকরণ কি আবার ওলটপালট হয়ে যাবে? নিত্যদিন সহ-প্রতিযোগীদের সঙ্গে ঝামেলায় জড়ানো নন্দিনী দত্ত কি তবে এবার নতুন এই সুন্দরীর দাপটে কোণঠাসা হয়ে পড়বেন? নাকি রাজবীরের সঙ্গে অনুষ্কার নতুন কোনো রসায়ন জমে উঠবে? সব কৌতূহল ও জল্পনার অবসান ঘটবে শনিবার রাতের ‘দাদার দরবারে’-ই।


