Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পিংলার প্রাক্তন বিধায়ক তথা মমতা শিবিরের তৃণমূল নেতা অজিত মাইতিকে (Ajit Maity Arrested) গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে খড়গপুরের মাদপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পিংলা থানার পুলিশ। পরে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। তাঁর গ্রেফতারির ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
কী কী অভিযোগ উঠেছে? (Ajit Maity Arrested)
পুলিশ সূত্রে খবর, অজিত মাইতির (Ajit Maity Arrested) বিরুদ্ধে তোলাবাজি এবং আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী হিসেবে গোবিন্দ দাস নামে এক তৃণমূল কর্মীর নাম সামনে এসেছে। অভিযোগ, দলীয় পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই অজিত মাইতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অজিত মাইতি (Ajit Maity Arrested) পিংলার বিধায়ক থাকার পাশাপাশি একসময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও সামলেছেন। ফলে তাঁর গ্রেফতারির ঘটনা তৃণমূলের অন্দরে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে।
এদিকে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে কড়া অবস্থানের কথা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলীয় পদ বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও তাঁদের দলের বিধায়কদের উদ্দেশে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য ছিল, দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে সংগঠন তাঁর পাশে দাঁড়াবে না। রাজনৈতিক পদকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপের কথাও জানিয়েছিলেন তিনি।
তবে অজিত মাইতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর পক্ষের বক্তব্য এখনও সামনে আসেনি। গ্রেফতারির পর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।


