Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দিনভর প্রবল বৃষ্টি। শেষ পর্যন্ত হ্যামিল্টনে ভেস্তে গেল ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে (IND vs NZ)। মঙ্গলবার প্রায় চার ঘণ্টা মাঠে বসে অপেক্ষা করলেন দর্শকরা। কিন্তু বৃষ্টির দাপট কমল না। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা। ফলে সেডন পার্ক থেকে হতাশ হয়েই ফিরতে হল ক্রিকেটপ্রেমীদের। টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে নেওয়ার সুযোগও হাতছাড়া হল শুভমান গিলদের।
টসের আগেই বৃষ্টির বাধা (IND vs NZ)
ম্যাচের আগে টানা দু’দিন বৃষ্টি হয়েছিল। মঙ্গলবারও আবহাওয়ার উন্নতি হয়নি। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরেও টস করানো সম্ভব হয়নি। দুই দলের অধিনায়ক শুভমান গিল ও মিচেল স্যান্টনার মাঠে আসার পরেও ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত মেঘলা আকাশ ও ঝোড়ো হাওয়ার মধ্যেই টস হয়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গিল। বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করাকে বিরক্তিকর বলেও মন্তব্য করেন ভারতীয় অধিনায়ক।
৪০ ওভারের ম্যাচও আয়োজন করা গেল না (IND vs NZ)
দীর্ঘ অপেক্ষার পর টস হলেও স্বস্তি মেলেনি। বৃষ্টির কথা মাথায় রেখে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪০ ওভার করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কিন্তু টসের পরেই ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়। একাধিকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। মাঠকর্মীরাও খেলা শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু লাগাতার বৃষ্টিতে মাঠ শুকিয়ে তোলা সম্ভব হয়নি।
আরও পড়ুন: Lionel Messi: ৩৯ বছরেও গোলের রাজা মেসি, কেরিয়ারে ৩৩টি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা
২০ ওভারের ম্যাচ আয়োজনের চেষ্টাও ব্যর্থ (IND vs NZ)
অন্তত ২০ ওভারের একটি ম্যাচ আয়োজনের ক্ষীণ আশা ছিল। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে (IND vs NZ)। মঙ্গলবার সন্ধ্যাতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ পর্যন্ত আর অপেক্ষা করার ঝুঁকি নেননি আম্পায়াররা। বাতিল করে দেওয়া হয় তৃতীয় ওয়ানডে। ফলে সিরিজের শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে ভারতীয় দলকে।



