Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: উত্তরপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার অভিযোগ তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, রবিবার সকালে কলকাতার পেলেরঘাটা ও নারকেলডাঙা এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যাওয়ার পথে তাঁর গাড়ি এবং সঙ্গে থাকা সহকর্মীদের গাড়ি ঘিরে হামলার চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা এবং পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যাওয়ার পথেই বিপত্তি? (Kunal Ghosh)
কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডে কয়েকটি রাস্তা ও সেতুর উন্নয়নমূলক কাজ পরিদর্শনের কথা ছিল তাঁর। এই পরিদর্শন নিয়ে আগেই কলকাতা পুরসভাকে চিঠি দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। তাঁর দাবি, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, শুধুমাত্র উন্নয়নমূলক কাজের পরিস্থিতি দেখতে যাওয়ার সময়ই আচমকা সমস্যার মুখে পড়তে হয়।
মোটরসাইকেল বাহিনী দিয়ে গাড়ি ঘেরাওয়ের অভিযোগ (Kunal Ghosh)
কুণালের অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তাঁর গাড়ি এবং সহকর্মীদের গাড়িকে একদল মোটরসাইকেল আরোহী ঘিরে ফেলার চেষ্টা করেন। ফুলবাগান মোড়ের কাছে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি তাঁর। সেখান থেকে অন্য একটি গাড়িতে করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
নারকেলডাঙায় পথ আটকে হুমকির অভিযোগ (Kunal Ghosh)
এরপর নারকেলডাঙা এলাকায় ফের তাঁদের গাড়ি ঘিরে ফেলা হয় বলে দাবি কুণালের। তাঁর অভিযোগ, কয়েকটি বাইক ওভারটেক করে সামনে দাঁড়িয়ে পথ আটকে দেয়। পাশাপাশি অকথ্য গালিগালাজের পাশাপাশি হাতুড়ি এবং রিভলভার দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন (Kunal Ghosh)
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, আদালতের নির্দেশে তাঁর নিরাপত্তার জন্য নিযুক্ত সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে বারবার পুলিশকে ফোন করে বিষয়টি জানানোর পরও তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।
‘প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে’, দাবি কুণালের
পরপর এমন ঘটনার প্রেক্ষিতে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেই তিনি মনে করছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ। একই সঙ্গে প্রয়োজন হলে ফের মাঠে নেমে লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি। তবে হামলার অভিযোগের পূর্ণ সত্যতা, অভিযুক্তদের পরিচয় এবং পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ করা হয়েছে, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।



